Home আঞ্চলিক পিরোজপুরে ডোবা থেকে শটগান উদ্ধার, গ্রেপ্তার ১

পিরোজপুরে ডোবা থেকে শটগান উদ্ধার, গ্রেপ্তার ১

4

পিরোজপুর প্রতিনিধি।।

পিরোজপুরে কাউখালী ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে একটি শটগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সজীব সরদার (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৭ জুন) বিকেলে সদর উপজেলার জুজখোলা এলাকার একটি ডোবা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার সজীব সরদার সদর উপজেলার ১ নম্বর শিকদার-মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় নির্মাণশ্রমিক।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে কাউখালী থানা পুলিশের নিয়মিত টহল চলাকালে সন্দেহভাজন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়।

এ সময় মোটরসাইকেল আরোহী সজীব সরদারের মোবাইল ফোনে একটি শটগান হাতে তোলা ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। পরে জিজ্ঞাসাবাদে তিনি ছবিতে থাকা অস্ত্রটি নিজের বলে স্বীকার করেন। এরপর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার বিকেলে অভিযান চালানো হয়। অভিযানে সজীবের বাড়ির পাশের ডোবা থেকে একটি শটগান উদ্ধার করা হয়।

পিরোজপুর জেলার পুলিশ সুপার মো. মনজুর আহমেদ সিদ্দিকী জানান, জেলার সাতটি থানায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান চলছে। টহলের সময় পাওয়া তথ্যের ভিত্তিতেই এই অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরো জানান, উদ্ধার করা শটগানটির বৈধতা ও উৎস যাচাই করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।