Home আঞ্চলিক বাগেরহাটে গরুর পঁচা মাংস বিক্রি, দুই বিক্রেতার কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা

বাগেরহাটে গরুর পঁচা মাংস বিক্রি, দুই বিক্রেতার কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা

3

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটের রামপালে গরুর পঁচা মাংস বিক্রির অপরাধে দুই মাংস বিক্রেতাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৭ জুন) দুপুরে উপজেলার ফয়লা বাজারে অভিযান চালিয়ে রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী এই জরিমানার আদেশ দেন।

এ সময় ভেটেরিনারি সার্জন ডা. অভিজিৎ কুমারসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের হারুনর রশিদ (৪৫) এবং বাগেরহাট সদর উপজেলার খানপুর এলাকার ইয়ামিন হাওলাদার (৩০)।

রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী বলেন, ফয়লা বাজারে গরুর পঁচা মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভেটেরিনারি সার্জনের প্রসিকিউশনের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অভিযুক্ত দুই বিক্রেতাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের অধিকার রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।