Home বিনোদন সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী

সামান্থা নন, সিনেমাটির জন্য প্রথম পছন্দ ছিলেন সাই পল্লবী

3

বিনোদন ডেস্ক।।

মুক্তির আগেই আলোচনায় থাকা ‘মা ইন্টি বাঙ্গারাম’ সিনেমা নিয়ে নতুন এক তথ্য প্রকাশ করেছেন অভিনেত্রী ও প্রযোজক সামান্থা রুথ প্রভু। তিনি জানিয়েছেন, ছবিটির নায়িকা হিসেবে শুরুতে তাকে নয়, বরং দক্ষিণী তারকা সাই পল্লবীকেই ভাবা হয়েছিল।

পরে নানা কারণে গল্পে পরিবর্তন এনে তাকে নিয়ে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে এক ভক্ত জানতে চান, কীভাবে তিনি এই সিনেমার সঙ্গে যুক্ত হলেন।

জবাবে সামান্থা বলেন, ‘আমি সিনেমাটি বেছে নিইনি, বরং সিনেমাটিই আমাকে বেছে নিয়েছে। ট্রালালার মূল লক্ষ্য ছিল নারীপ্রধান গল্প নিয়ে কাজ করা।

তাই প্রথমে আমরা এই গল্পটি সাই পল্লবীকে প্রস্তাব দিতে চেয়েছিলাম। কিন্তু তিনি খুব ব্যস্ত ছিলেন এবং সময় দিতে পারেননি। এরপর নির্মাতারা গল্পটি আমার জন্য নতুনভাবে সাজিয়েছেন।’

তিনি আরো বলেন, ভবিষ্যতে আরও বেশি অভিনেত্রী যেন নারীপ্রধান গল্পে কাজ করেন, সেই প্রত্যাশা তার রয়েছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, একদিন সাই পল্লবীকেও এমন একটি শক্তিশালী নারী-কেন্দ্রিক প্রকল্পে দেখা যাবে।

সামান্থার এই বক্তব্যের জবাবে সাই পল্লবীও সামাজিক মাধ্যমে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে সামান্থার পোস্ট শেয়ার করে তিনি লেখেন, ‘মা ইন্টি বাঙ্গারাম তোমার কাছেই পৌঁছানোর ছিল, প্রিয় সামান্থা। তোমাকে এবং নন্দিনী রেড্ডিকে অনেক ভালোবাসা ও শুভকামনা। আর হ্যাঁ, খুব শিগগিরই। ’

‘মা ইন্টি বাঙ্গারাম’ একটি পারিবারিক অ্যাকশন-কমেডি চলচ্চিত্র, যার পরিচালনায় রয়েছেন নন্দিনী রেড্ডি। ২০১৯ সালের সফল সিনেমা ‘ওহ! বেবি’-এর পর এই ছবির মাধ্যমে আবারও একসঙ্গে কাজ করছেন নন্দিনী রেড্ডি ও সামান্থা।

ছবিটির চিত্রনাট্য লিখেছেন রাজ নিদিমোরু ও বাসন্ত মারিংগান্তি। এতে সামান্থার পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গুলশন দেবাইয়া, দিগন্ত মানচালে, গৌতমী তাডিমাল্লা, শ্রীমুখী, মঞ্জুষা এবং শ্রীনিবাস গাভিরেড্ডি।

প্রথমে সিনেমাটি ১৪ মে মুক্তির কথা থাকলেও পোস্ট-প্রোডাকশন ও প্রচারণামূলক কাজের কারণে মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়। ছবিটি আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।