স্টাফ রিপোর্টার।।
খুলনার ডুমুরিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগে জনি গাজী (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। ঘটনার পর প্রায় এক মাস ধরে তিনি পলাতক ছিলেন।
র্যাব-৬ এর মিডিয়া সেল জানায়, শনিবার (৬ জুন) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার এলাকার একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে জনি গাজীকে গ্রেপ্তার করা হয়। তিনি ডুমুরিয়া থানায় দায়ের হওয়া স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি।
মামলা সূত্র জানা যায়, গত ৫ মে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক-বিতর্কের একপর্যায়ে জনি গাজী তার স্ত্রী বিথি আক্তারের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এতে বিথি গুরুতর দগ্ধ হন।
তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার পর নিহতের বাবা অপুর গাজী ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই জনি গাজী আত্মগোপনে ছিলেন।
র্যাব জানিয়েছে, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জনি গাজীকে ডুমুরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।








































