কুষ্টিয়া প্রতিনিধি।।
কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৩টি ককটেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় মহিবুল মন্ডল নামে একজনকে আটক করা হয়।
শুক্রবার (৫ জুন) সীমান্তবর্তী এলাকা থেকে ককটেল উদ্ধার ও একজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
এর আগে বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাতে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চল্লিশপাড়া বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করে।
আটক মহিবুল মণ্ডল দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া গ্রামের মৃত মো. আজিত মণ্ডলের ছেলে।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ চল্লিশপাড়া বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত পিলার ৮৫/১৩-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উপজেলার চল্লিশপাড়া গ্রামে তল্লাশি চালিয়ে মহিবুল মণ্ডলকে ৩টি ককটেলসহ আটক করা হয়।
আটক আসামির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়েরের কার্যক্রম সম্পন্ন করে উদ্ধার করা ৩টি ককটেলসহ তাকে দৌলতপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।









































