ঢাকা অফিস।।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ইতিবাচক ফল পাওয়া গেছে। এবার শব্দদূষণ নিয়ন্ত্রণেও এআই প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।
শুক্রবার (৫ জুন) সকালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজধানীর গুলশান-২ এলাকায় আয়োজিত শব্দদূষণ নিয়ন্ত্রণবিষয়ক সচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, পরিবেশ রক্ষায় সবার আগে প্রয়োজন মানসিকতার পরিবর্তন। আমরা যদি পরিবেশ সম্পর্কে সচেতন হওয়ার মানসিকতা গড়ে তুলতে পারি, তাহলে যেকোনো উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, শুধু সরকারি সংস্থা নয়, পরিবেশ নিয়ে কাজ করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে। আমরা একদিনেই সব সমস্যার সমাধান করতে পারব না, তবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শব্দদূষণ নিয়ন্ত্রণ সম্ভব।
শফিকুল ইসলাম খান বলেন, আমরা সবাই মিলে শব্দদূষণ কমাতে কাজ করব। আজকের পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে সম্পূর্ণভাবে শব্দদূষণ নিয়ন্ত্রিত এলাকা হিসেবে কার্যকর করা হবে। কেউ এ নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি দাবি করেন, রাজধানীর সড়ক ব্যবস্থাপনায় এআইভিত্তিক ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে এরইমধ্যে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শব্দদূষণ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণেও এআই প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সমাবেশে পরিবেশ অধিদপ্তর, ডিএনসিসি, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা শব্দদূষণ কমাতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো থেকে বিরত থাকা এবং পরিবেশবান্ধব নগর গড়ে তোলার আহ্বান জানান।









































