Home খেলাধুলা শচিনের ৩৭ বছরের রেকর্ড ভাঙতে পারেন ১৫ বছরের সূর্যবংশী

শচিনের ৩৭ বছরের রেকর্ড ভাঙতে পারেন ১৫ বছরের সূর্যবংশী

4

স্পোর্টস ডেস্ক।।

ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন বৈভব সূর্যবংশী। আইপিএল ২০২৬-এ দুর্দান্ত পারফরম্যান্সের পর জাতীয় দলে ডাক পাওয়ার দ্বারপ্রান্তে থাকা এই কিশোর ব্যাটার সুযোগ পেলে ভেঙে দিতে পারেন কিংবদন্তি শচিন টেন্ডুলকারের দীর্ঘদিনের রেকর্ড।

বর্তমানে বৈভবের বয়স ১৫ বছর ৭০ দিন। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, জুনের শেষ দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তাকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হতে পারে। সেটি হলে তিনি হয়ে যাবেন ভারতের সিনিয়র দলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার। বর্তমানে এই রেকর্ডটি শচিন টেন্ডুলকারের দখলে।

৩৭ বছর আগে ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেকের সময় শচিনের বয়স ছিল ১৬ বছর ২০৫ দিন। আইপিএল ২০২৬-এ বৈভব ছিলেন রীতিমতো অপ্রতিরোধ্য। ১৬ ম্যাচে ৭৭৬ রান করেন তিনি, স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ২৩৭.৩০। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি জিতেছেন এমভিপি, এমার্জিং প্লেয়ার, সুপার স্ট্রাইকার ও সর্বাধিক ছক্কার পুরস্কার।

এখন তিনি শ্রীলঙ্কায় ভারত ‘এ’ দলের ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এরপর আয়ারল্যান্ড সফর এবং ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্যও তাকে বিবেচনা করা হচ্ছে।

১৯৮৩ বিশ্বকাপজয়ী সাবেক অলরাউন্ডার মদন লাল বৈভবকে ‘ঈশ্বরপ্রদত্ত প্রতিভা’ বলে উল্লেখ করেছেন। তার মতে, বৈভবের মধ্যে শচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, কপিল দেব ও সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তিদের মানসিকতার ছাপ রয়েছে।

তবে মদন লালের মতে, সত্যিকারের মহান ক্রিকেটার হতে হলে বৈভবকে টেস্ট ক্রিকেটেও নিজেকে প্রমাণ করতে হবে।

জাতীয় দলে অন্তর্ভুক্তি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। তবে নির্বাচকরা যদি তাকে আয়ারল্যান্ড সিরিজের জন্য দলে নেন, তাহলে ভারতীয় ক্রিকেটে শুরু হতে পারে নতুন এক যুগ।