Home খেলাধুলা আরও একটি ম্যাচ খেলা হচ্ছে না নেইমারের

আরও একটি ম্যাচ খেলা হচ্ছে না নেইমারের

2

স্পোর্টস ডেস্ক।।

বিশ্বকাপের মূল লড়াই শুরু হওয়ার আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় আগামী রবিবার (৭ জুন) ভোর ৪টায় মিশরের মুখোমুখি হবে সেলেসাওরা। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে সালাহদের বিপক্ষে মাঠে দেখা যাবে না নেইমারকে। চোটের কারণে ম্যাচ ভেন্যু ক্লিভল্যান্ডে দলের সঙ্গী হচ্ছেন না এই তারকা ফরোয়ার্ড।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, পায়ের মাংসপেশির চোটের চিকিৎসার জন্য নেইমার বর্তমানে নিউ জার্সিতেই অবস্থান করবেন। সেখানে তার ফিজিওথেরাপি ও পুনর্বাসন কার্যক্রম চলবে। সিবিএফের বিবৃতিতে বলা হয়, দলের সঙ্গে ক্লিভল্যান্ডে যাচ্ছেন না নেইমার। তিনি নিউ জার্সিতেই থাকবেন এবং তার শারীরিক পুনরুদ্ধার প্রক্রিয়া আরও জোরদার করা হবে।

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা বর্তমানে ‘গ্রেড-২ কাফ স্ট্রেইন’ সমস্যায় ভুগছেন। এটি পায়ের পেশির এমন এক মাঝারি ধরনের আঘাত, যেখানে পেশির কিছু অংশ ছিঁড়ে যায়। এই চোটের কারণেই তিনি বর্তমানে মাঠের বাইরে রয়েছেন। জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকে নেইমার বেশির ভাগ সময় জিমেই কাটিয়েছেন এবং মাঝে মাঝে কেবল হালকা অনুশীলনে অংশ নিয়েছেন।

নেইমারের চোট নিয়ে উদ্বেগ থাকলেও ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি তাকে নিয়ে বেশ আশাবাদী। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হবে। সেই ম্যাচে নেইমারকে পাওয়ার লক্ষ্যেই এখন কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।

আনচেলত্তি স্পষ্ট করে জানিয়েছেন যে, বিশ্বকাপ স্কোয়াডে কোনো পরিবর্তনের পরিকল্পনা তার নেই। তিনি বলেন, একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই, নেইমার আমাদের সঙ্গেই থাকবে। আমরা শতভাগ নিশ্চিত, দলে কোনো পরিবর্তন হবে না। যে ২৬ জনকে বেছে নেওয়া হয়েছে, তারাই বিশ্বকাপে খেলবে।