Home আঞ্চলিক রাস্তা নয় যেন ধ্বংসস্তূপ: দক্ষিণ আমিরপুরে নিত্যদিনের ঝুঁকিপূর্ণ যাতায়াত

রাস্তা নয় যেন ধ্বংসস্তূপ: দক্ষিণ আমিরপুরে নিত্যদিনের ঝুঁকিপূর্ণ যাতায়াত

58


স্টাফ রিপোর্টার।।
খুলনার পাইকগাছা উপজেলার ১০ নম্বর গড়ইখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আমিরপুর গ্রামের একমাত্র প্রধান সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ইটের সলিং ভেঙে উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ ও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও রোগীদের।


সরেজমিনে দেখা যায়, একসময় গ্রামীণ যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত সড়কটির অধিকাংশ স্থানের ইট উঠে গেছে। কোথাও কোথাও ইটের অস্তিত্বই নেই, আবার অনেক জায়গায় ভাঙা ইট ছড়িয়ে-ছিটিয়ে থাকায় পথচারী ও যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে।


স্থানীয়রা জানান, প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে এই সড়কে। বিশেষ করে রাতের বেলায় চলাচল করতে গিয়ে অনেকেই আহত হচ্ছেন। অসাবধানতাবশত ভ্যান উল্টে যাত্রী ও চালক আহত হওয়ার ঘটনাও ঘটছে প্রায়ই।


গ্রামের এক প্রবীণ বাসিন্দা বলেন, “বর্তমান অবস্থায় গর্ভবতী নারী বা গুরুতর অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া অত্যন্ত কঠিন। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়িও গ্রামে প্রবেশ করতে পারে না।”


এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে সড়কটির কোনো সংস্কার হয়নি। ফলে রাস্তাটি এখন কার্যত ভাঙা ইট ও গর্তের সমষ্টিতে পরিণত হয়েছে। সামনে বর্ষা মৌসুম শুরু হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এতে পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ার শঙ্কাও রয়েছে।


দক্ষিণ আমিরপুর গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, পুরোনো ইটের সলিং অপসারণ করে দ্রুত সড়কটি পাকা (কার্পেটিং) করা হোক। তাদের মতে, এলজিইডি ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত উদ্যোগ ছাড়া এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে না।


এলাকার হাজারো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসী।