স্পোর্টস ডেস্ক।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালের মঞ্চে ট্রফি উঁচিয়ে ধরার ভাগ্য হয়নি রাজস্থান রয়্যালসের। তবে শিরোপার লড়াইয়ে দল না থাকলেও, সমাপনী রাতে সব আলো একাই কেড়ে নিয়েছেন বৈভব সূর্যবংশী।
মাত্র ১৫ বছর বয়সে ব্যাট হাতে অবিশ্বাস্য তাণ্ডব চালিয়ে সম্ভাব্য সব ব্যক্তিগত পুরস্কার জিতে ইতিহাস গড়েছেন এই বাঁহাতি ওপেনার। আহমেদাবাদে রবিবাসরীয় ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
কিন্তু ম্যাচ শেষের দীর্ঘ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বারবার মঞ্চে ডাক পড়েছে কেবল বৈভবের। কারণ, পুরো টুর্নামেন্টজুড়েই স্বপ্নের মতো এক ক্রিকেটীয় অধ্যায় পার করেছেন ভারতের এই বিস্ময়বালক। রাজস্থান ফাইনালে উঠতে না পারায় চ্যাম্পিয়ন ট্রফিটি ছোঁয়া হয়নি বৈভবের, তবে বাকি সবকিছুতেই ছিল তার একক আধিপত্য। আসরে ১৬টি ইনিংস খেলে ৪৮.৫০ গড় এবং অবিশ্বাস্য ২৩৭.৩০ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করেছেন তিনি।
টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে জিতে নিয়েছেন মর্যাদার ‘অরেঞ্জ ক্যাপ’ এবং ১০ লাখ রুপি। শুধু রান তোলাই নয়, মাঠের চারিপাশে ছক্কার বৃষ্টি ছুটিয়েছেন এই কিশোর। আইপিএলের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ ৭২টি ছক্কার রেকর্ড গড়ে জিতেছেন সর্বোচ্চ ছক্কার পুরস্কার।
সুদৃশ্য ট্রফির পাশাপাশি এই ক্যাটাগরিতেও তার পকেটে গেছে আরও ১০ লাখ রুপি। একইসঙ্গে টুর্নামেন্টের সর্বোচ্চ স্ট্রাইক রেটের সৌজন্যে একটি বিলাসবহুল গাড়িও উপহার পেয়েছেন বৈভব।
পুরস্কারের এই তালিকা এখানেই শেষ নয়। পুরো টুর্নামেন্টজুড়ে অলরাউন্ড পারফরম্যান্সে সবাইকে পেছনে ফেলে ৪৩৬.৫০ পয়েন্ট অর্জন করেন তিনি। ফলে ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ বা টুর্নামেন্ট সেরার খেতাবসহ ১৫ লাখ রুপি পুরস্কার পান ১৫ বছর বয়সী এই ব্যাটার। এর সঙ্গে যুক্ত হয় ‘ইমার্জিং প্লেয়ার অব দা সিজন’ বা উদীয়মান তারকার আরও ১০ লাখ রুপির পুরস্কার।
আইপিএলের দীর্ঘ ১৯ বছরের ইতিহাসে বৈভবই প্রথম ক্রিকেটার, যিনি একই মৌসুমে ‘ইমার্জিং প্লেয়ার’ এবং ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ দুটি পুরস্কারই একযোগে নিজের করে নেওয়ার অনন্য রেকর্ড গড়লেন। এর আগে কোনো ক্রিকেটার এই কীর্তি দেখাতে পারেননি।











































