Home খেলাধুলা বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বড় ধাক্কা, চোটের তালিকায় নতুন নাম

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বড় ধাক্কা, চোটের তালিকায় নতুন নাম

1


স্পোর্টস ডেস্ক।।

বিশ্বকাপ শুরু হতে আর অল্প কিছু দিন বাকি থাকতেই আর্জেন্টিনা শিবিরে চোটের ধাক্কা যেন থামছেই না। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের প্রস্তুতি পর্বে একের পর এক খেলোয়াড়ের ইনজুরি কোচ লিওনেল স্কালোনির জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সর্বশেষ দুশ্চিন্তার খবর এসেছে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ঘিরে। তার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে টিয়ার ধরা পড়ায় তিনি আসন্ন প্রস্তুতি ম্যাচগুলোতে খেলতে পারবেন না। শুধু তাই নয়, বিশ্বকাপের প্রথম ম্যাচে তার উপস্থিতি নিয়েও এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এর আগে শঙ্কার মধ্যে পড়েছিলেন অধিনায়ক লিওনেল মেসি। ইন্টার মায়ামির ম্যাচে বাম হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করে তাকে মাঠ ছাড়তে হয়। পরে পরীক্ষায় গুরুতর কিছু ধরা না পড়লেও, পেশির টানের কারণে তাকে কিছু প্রস্তুতি ম্যাচে বিশ্রামে রাখা হতে পারে, যাতে মূল টুর্নামেন্টে পুরোপুরি ফিট অবস্থায় নামতে পারেন তিনি।

গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের আঙুলে ছোটখাটো ফাটল ধরা পড়লেও বড় কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। ধারণা করা হচ্ছে, তিনি খুব দ্রুতই সেরে উঠে পরবর্তী ম্যাচের আগে ফিরতে পারবেন। অন্যদিকে মিডফিল্ডার নিকো পাজের হাঁটুর ব্যথা থাকায় তাকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তবে সব খবরই যে খারাপ তা নয়। ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো হাঁটুর ইনজুরি থেকে প্রায় পুরোপুরি সেরে উঠেছেন এবং পুনর্বাসনের শেষ ধাপে আছেন। ফরোয়ার্ড হুলিয়েন আলভারেজও গোড়ালির সমস্যার উন্নতি করেছেন এবং শিগগিরই মাঠে ফেরার আশা রয়েছে। তবে উইঙ্গার নিকোলাস গঞ্জালেস পেশির টিয়ারের কারণে প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না বলেই ধারণা করা হচ্ছে।

ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েলের গ্রেড–টু টিয়ার থাকায় উদ্বোধনী ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। একইভাবে নাহুয়েল মলিনার ইনজুরি তুলনামূলক হালকা হওয়ায় তিনি সময়মতো ফিট হয়ে উঠতে পারেন। থিয়াগো আলমাদা ক্লান্তিজনিত পেশির সমস্যায় ভুগলেও দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতিতে বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রেখেছেন স্কালোনি। প্রয়োজন হলে শেষ মুহূর্তে দলে ডাক পেতে পারেন সান্তিয়াগো বেলত্রান, অগুস্তিন গিয়াই, নিকোলাস কাপালদো, নিকোলাস ডমিনগুয়েজ, মাতিয়াস সুলে, ম্যাক্সিম পেরোন কিংবা এমিলিয়ানো বুয়েন্দিয়ার মতো খেলোয়াড়রা। সব মিলিয়ে বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে আর্জেন্টিনা দলে ইনজুরির এই চাপ কোচিং স্টাফের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।