Home আঞ্চলিক যশোরে ২০ মামলার আসামি কামরুল গ্রেফতার

যশোরে ২০ মামলার আসামি কামরুল গ্রেফতার

1

যশোর অফিস।।


যশোরের শীর্ষ সন্ত্রাসী এবং হত্যা, অস্ত্র ও বিস্ফোরকসহ ২০টি মামলার আসামি কামরুল ইসলাম ওরফে খোঁড়া কামরুলকে (৪৭) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার রাতে যশোর শহরের মিশনপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। আটক কামরুল ইসলাম যশোর শহরতলীর খোলাডাঙ্গা এলাকার আব্দুল আজিজের ছেলে।

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, গত ৬ এপ্রিল পুলিশ খালিদুর রহমান টিটু ও শেখ মইনউদ্দিন ফেরদৌস নামে দুই আসামিকে বিদেশি অস্ত্র গুলিসহ গ্রেফতার করে। পরবর্তীতে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে তারা জানায় অস্ত্র ব্যবসায়ী খোঁড়া কামরুলের কাছ থেকে তারা অস্ত্র সংগ্রহ করেছিল। এরপর গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ডিবির একটি টিম শহরের মিশনপাড়ায় অভিযান চালিয়ে কামরুল ইসলামকে আটক করে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রেফতারকৃত কামরুল যশোর শহর ও এর আশপাশের এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যের জোগানদাতা হিসেবে কাজ করত এবং দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনা-বেচার সিন্ডিকেটের সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একটি হত্যা মামলা, ৬টি অস্ত্র মামলা, ৪টি বিস্ফোরক মামলা, চাঁদাবাজি, মাদকের মামলাসহ ২০টি মামলা রয়েছে। তাকে আদালতের কারাগারে পাঠানো হবে।