Home খেলাধুলা টানা চার আসরে কোহলির ৬০০

টানা চার আসরে কোহলির ৬০০

0


স্পোর্টস ডেস্ক।।

রাশিদ খানের বল স্কয়ার লেগে ঠেলে এক রান নিয়ে আরও একটি আইপিএল আসরে ৬০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি। এর মধ্য দিয়ে টুর্নামেন্টটির ইতিহাসে নতুন এক অনন্য কীর্তি গড়লেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই তারকা ব্যাটসম্যান।

আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে টানা চার আসরে ৬০০ বা তার বেশি রান করার রেকর্ড এখন কোহলির দখলে। এর আগে টানা তিন আসরে এই কীর্তি ছিল লোকেশ রাহুল ও ক্রিস গেইলের।

গেইল ২০১১ সালে ৬০৮, ২০১২ সালে ৭৩৩ এবং ২০১৩ সালে ৭০৮ রান করেছিলেন। অন্যদিকে রাহুল ২০২০ সালে ৬৭০, ২০২১ সালে ৬২৬ এবং ২০২২ সালে ৬১৬ রান করেন।

কোহলি ২০২৩ সালে ৬৩৯ রান, ২০২৪ সালে ৭৪১ রান এবং ২০২৫ সালে ৬৫৭ রান করেন। চলতি আসরে ১৫ ম্যাচে তাঁর রান এখন ৬০০। প্রথম কোয়ালিফায়ারে মঙ্গলবার গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪৩ রান প্রয়োজন ছিল তাঁর। তিনি করেন ২৫ বলে ৪৩ রান, এরপরই আউট হন।

সব মিলিয়ে টানা ছয় আসরে ৬০০ বা তার বেশি রানের ক্লাবে জায়গা করে নিলেন কোহলি। এখানে তাঁর সবচেয়ে কাছাকাছি আছেন লোকেশ রাহুল, যিনি চার আসরে এই কীর্তি গড়েছেন।

এদিন আরও একটি অনন্য রেকর্ড গড়েছেন কোহলি। গুজরাট টাইটান্সের বিপক্ষে আইপিএলে তাঁর রান পাঁচশ ছাড়িয়ে গেছে। এর মাধ্যমে তিনি প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে আটটি দলের বিপক্ষে ৫০০ বা তার বেশি রান করার কীর্তি গড়লেন।

অন্য সাত দল হলো পাঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স। এর আগে সাত দলের বিপক্ষে ৫০০ বা তার বেশি রান করেছেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান।