আন্তর্জাতিক ডেস্ক।।
ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক পরিসরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে শহর ও এর আশেপাশের অঞ্চলে অন্তত চারজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
এই হামলার আগে ইউক্রেনের বিমান বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে সতর্কবার্তায় বলেছিল, রাশিয়া একটি হাইপারসনিক ‘ওরেসনিক’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে। এর কিছুক্ষণ পর স্থানীয় সময় শনিবার মধ্যরাতের দিকে কিয়েভ শহরজুড়ে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।
তবে ওই হামলার সময় কোনো ওরেসনিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে কি না, সে বিষয়ে ইউক্রেনের বিমান বাহিনী নির্দিষ্ট তথ্য দেয়নি। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, হামলায় দুজন নিহত ও ৫৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শহরের ঐতিহাসিক ইন্ডিপেন্ডেন্স স্কয়ারেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
এক টেলিগ্রাম বার্তায় ক্লিচকো বলেন, কিয়েভের জন্য এটি ভয়াবহ রাত ছিল। হামলার পর উদ্ধারকর্মীরা আগুন নেভানো ও ধ্বংসস্তূপ সরানোর কাজ করেন। চিকিৎসকেরা আহতদের জরুরি সেবা দিচ্ছেন।
রাতের ওই হামলার সময় শহরের বহু বাসিন্দা মেট্রো স্টেশনগুলোতে গিয়ে আশ্রয় নেন। ৬২ বছর বয়সী নাতালিয়া জভারিচ জানান, বিস্ফোরণে যখন পুরো শহর কেঁপে ওঠে, তখন তিনি তাড়াহুড়ো করে কাছের একটি মেট্রো স্টেশনে ছুটে যান।
ইউক্রেনের অন্য এলাকাতেও রুশ হামলার খবর পাওয়া গেছে। রাজধানী সংলগ্ন বৃহত্তর কিয়েভ অঞ্চলে হওয়া ওই হামলায় আরো দুজন নিহত এবং নয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর মাইকোলা কালাশনিক।









































