Home আঞ্চলিক রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খুলনা ওয়াসার নিয়োগ কার্যক্রম স্থগিতের আবেদন

রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খুলনা ওয়াসার নিয়োগ কার্যক্রম স্থগিতের আবেদন

26

স্টাফ রিপোর্টার।।

খুলনা ওয়াসার নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানিয়েছেন প্রতিষ্ঠানটির বিভিন্ন পদে কর্মরত সাধারণ কর্মচারীরা। রবিবার (১৭ মে) ব্যবস্থাপনা পরিচালক বরাবর দেওয়া এক আবেদনে তারা মহামান্য হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং-২২৭৩/২০২৬ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ জানান।

আবেদনে উল্লেখ করা হয়, গত ১০ নভেম্বর ২০২৫ তারিখে খুলনা ওয়াসার বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যা পরবর্তীতে ১৩ নভেম্বর ‘দৈনিক পূর্বাঞ্চল’ পত্রিকায় প্রকাশিত হয়।

কর্মচারীদের অভিযোগ, নিয়োগ বিজ্ঞপ্তিতে অভ্যন্তরীণ বিভাগীয় প্রার্থীদের জন্য আবেদন করার কোনো সুনির্দিষ্ট সুযোগ বা কোটা রাখা হয়নি। অথচ দেশের বিভিন্ন স্বায়ত্তশাসিত ও সরকারি প্রতিষ্ঠানে বিভাগীয় প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা শিথিলযোগ্য করে আবেদন করার সুযোগ দেওয়া হয়।

তারা দাবি করেন, এ বিষয়ে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে কর্তৃপক্ষকে অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে নিজেদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে তারা হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করতে বাধ্য হয়েছেন।

আবেদনে আরও বলা হয়, মামলাটি বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে। এ সংক্রান্ত অ্যাডভোকেট সার্টিফিকেট ও প্রয়োজনীয় কাগজপত্রও আবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

কর্মচারীরা রিটের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তির সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার দাবি জানান। অন্যথায় তারা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবেন বলেও উল্লেখ করেন।

আবেদনে স্বাক্ষর করেন মো. রবিউল ইসলামসহ একাধিক কর্মচারী। একইসঙ্গে বিষয়টি অবগতির জন্য খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছেও অনুলিপি পাঠানো হয়েছে।