স্টাফ রিপোর্টার।।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে ছিনতাই হওয়া একটি মূল্যবান মোটরসাইকেল উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৩ মে) লবণচরা থানার এসআই মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১:৩০টায় লবণচরা থানাধীন জিরোপয়েন্ট মাদক আসক্তি নিরাময় কেন্দ্রের মেইন গেইটের ভেতর থেকে মোঃ ফাহাদ (২৩) নামের এক যুবকের কাছ থেকে জোরপূর্বক একটি ইনফিনিক্স (Infinix HOT 50 Pro) মোবাইল ফোন এবং ২ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের একটি ‘Suzuki Gixxer Fi ABS’ (খুলনা মেট্রো-ল-১৩-৯৮৯০) মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এই ঘটনায় লবণচরা থানায় দণ্ডবিধির ৩৯২ ধারায় একটি মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পরপরই তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে ২৩ মে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ছিনতাই হওয়া সুজুকি জিক্সার মোটরসাইকেলটি উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো: ১. মোঃ ইয়াছিন আরাফাত (২২), পিতা- মোঃ ইউসুফ, মাতা- ডালিয়া বেগম। সাং- ফেরিঘাট দেবেন বাবু রোড, থানা- সোনাডাঙ্গা, খুলনা। (বর্তমান সাং- ফাতেমাবাগ মসজিদের সামনে, কৃষ্ণনগর, থানা- লবণচরা, খুলনা)। ২. মোঃ ফাহিম (২২), পিতা- মোঃ রেজাউল হক রানা, মাতা- রোজি বেগম। সাং- ফেরিঘাট দেবেন বাবু রোড, থানা- সোনাডাঙ্গা, খুলনা।

আসামির অপরাধ প্রোফাইল (PCPR): পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি মোঃ ফাহিম একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে পূর্বেও ২০২৩ সালের ২৯ মার্চ সোনাডাঙ্গা থানায় মারামারি, গুরুতর জখম, চুরি ও হত্যাচেষ্টার অভিযোগে দণ্ডবিধির ৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩৭৯/৩০৭/৫০৬/৩৪ ধারায় একটি মামলা রয়েছে (মামলা নং-২৪, জিআর নং-৬২), যার বিরুদ্ধে ২০২৩ সালের ২৮ মে পুলিশ আদালতে চার্জশিট (নং-৮০) দাখিল করেছিল।
লবনচরা থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোশারফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুততম সময়ে ছিনতাই হওয়া মালামাল উদ্ধার ও আসামিদের আইনের আওতায় আনায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।











































