দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
শামিম শিকদার।।
এক সময়ের শান্ত ও পরিচ্ছন্ন নগরী হিসেবে পরিচিত খুলনা এখন যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে দূষণের নগরীতে। রাস্তার পাশে স্তূপ করে রাখা ময়লা-আবর্জনা, ড্রেন থেকে উঠে আসা দুর্গন্ধ, বাতাসে ধুলাবালির ঘনত্ব আর যানবাহনের বিকট শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। বায়ু, শব্দ ও বর্জ্য দূষণের ভয়াবহতায় নগরজীবন দিন দিন হয়ে উঠছে দুর্বিষহ। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

নগরীর নিরালার মোড় এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের প্রায় অর্ধেকজুড়ে ফেলে রাখা হয়েছে ময়লা-আবর্জনা। প্রতিদিন অসংখ্য মানুষ এ পথ দিয়ে চলাচল করলেও দুর্গন্ধে সেখানে দাঁড়িয়ে থাকাই দায়। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা বলছেন, দিনের পর দিন আবর্জনা পড়ে থাকায় পরিবেশ অসহনীয় হয়ে উঠেছে। একই চিত্র দেখা গেছে নিউমার্কেটের পেছনের সড়ক, শিববাড়ি মোড়, রূপসা ঘাট, সোনাডাঙ্গা, টুটপাড়া ও বিভিন্ন আবাসিক এলাকায়।

স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, “ডাস্টবিনের জন্য আমাদের এখানে চলাচল করাই কষ্টকর হয়ে গেছে। দুর্গন্ধে দোকানে বসা যায় না, খাবার খাওয়া যায় না। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন।” নগরীর প্রধান সড়ক ছাড়িয়ে অলিগলিতে ঢুকলেই আরও ভয়াবহ চিত্র চোখে পড়ে। অনেক ড্রেন বছরের পর বছর পরিষ্কার না হওয়ায় পানি চলাচল বন্ধ হয়ে গেছে। তার ওপর বাসাবাড়ির আবর্জনা ও পলিথিন ফেলে ড্রেনগুলো কার্যত ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে সৃষ্টি হচ্ছে তীব্র দুর্গন্ধ এবং মশা-মাছির উপদ্রব।

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) তথ্য অনুযায়ী, প্রতিদিন নগরীতে প্রায় এক হাজার টন বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে প্রায় ৮০০ টন বর্জ্য অপসারণ করা হলেও বাকি প্রায় ২০০ টন ময়লা নগরীর বিভিন্ন সড়ক, ড্রেন ও খোলা স্থানে পড়ে থাকে। ফলে প্রতিনিয়ত বাড়ছে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ।
কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী বলেন, “ময়লার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। পরিচ্ছন্ন নগরী গড়তে আমরা নিয়মিত কাজ করছি। তবে নাগরিকদেরও সচেতন হতে হবে।” তবে বাস্তব চিত্র ভিন্ন বলেই অভিযোগ নগরবাসীর। দিনের বেলায় খোলা ট্রাকে করে শহরের ভেতর দিয়ে ময়লা বহন করায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে সর্বত্র। অনেক সময় ময়লাবোঝাই পলিথিন কিংবা নোংরা পানি সড়কে পড়ে গিয়ে পরিবেশ আরও নোংরা হয়ে উঠছে।

বর্জ্য দূষণের পাশাপাশি খুলনায় ভয়াবহ আকার ধারণ করেছে বায়ু দূষণ। বিশেষ করে ড্রেন থেকে তুলে রাখা ময়লা, রাস্তার পাশে ফেলে রাখা বালু, ইট ও নির্মাণসামগ্রী থেকে বাতাসে ছড়িয়ে পড়ছে বিপুল পরিমাণ ধুলাবালি। এতে শ্বাসকষ্ট, এলার্জি, হাঁপানি ও ফুসফুসজনিত রোগ বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ৫০-এর বেশি হলেই তা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ধরা হয়। অথচ খুলনার বিভিন্ন এলাকায় এই সূচক প্রায়ই ১৫০ ছাড়িয়ে যাচ্ছে, যা অত্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
খুলনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহম্মেদ বলেন, “যেসব এলাকায় বায়ু দূষণের মাত্রা বেশি, সেখানে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। পরিবেশ দূষণ রোধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
শব্দ দূষণও নগরবাসীর জন্য আরেকটি বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ব্যস্ত সড়কগুলোতে যানবাহনের অবিরাম হর্ন, ব্যাটারিচালিত যান, অবৈধ মাইকিং ও নির্মাণকাজের শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছেন মানুষ। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদে শব্দ দূষণ মানুষের মানসিক চাপ, উচ্চ রক্তচাপ ও শ্রবণশক্তি হ্রাসের ঝুঁকি বাড়ায়।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল বলেন, “৩৯৩ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে কেসিসি। কিন্তু এত বড় প্রকল্পের পরও নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত শৃঙ্খলা আসেনি। খোলা স্থানে ময়লা পড়ে থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি মশা-মাছির মাধ্যমে বিভিন্ন রোগ ছড়াচ্ছে।”
তিনি আরও বলেন, “চর্মরোগ, নিউমোনিয়া, হাঁপানি ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন নগরবাসী। কিন্তু সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যকর সমন্বয় ও নজরদারির অভাব স্পষ্ট।”
জানা গেছে, নগরীর ৮২টি পয়েন্টে খোলা স্থানে এবং ৭৭টি পয়েন্টে কনটেইনারের মাধ্যমে ময়লা ফেলা হয়। বেসরকারি সংস্থা ও বাসাবাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্যও এসব স্থানে এনে জমা করা হয়। পরে কেসিসির কর্মীরা সেগুলো সাতটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) নিয়ে যান এবং সেখান থেকে রাজবাঁধ ডাম্পিং পয়েন্টে অপসারণ করা হয়।
কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান বলেন, “প্রতিদিন প্রায় এক হাজার টন বর্জ্য উৎপন্ন হলেও সব অপসারণ সম্ভব হয় না। জনবল ও যানবাহনের সীমাবদ্ধতার কারণে প্রতিদিন কিছু বর্জ্য রয়ে যায়।” পরিবেশবিদরা বলছেন, শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; নগরবাসীর সচেতনতা ও সম্মিলিত দায়িত্ববোধ ছাড়া দূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা, নিয়মিত ড্রেন পরিষ্কার, খোলা স্থানে ময়লা ফেলা বন্ধ এবং নির্মাণসামগ্রী ঢেকে রাখার মতো পদক্ষেপ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

নগরবাসীর প্রত্যাশা-খুলনা আবার ফিরে পাক তার পরিচ্ছন্ন ও বাসযোগ্য রূপ।











































