Home আঞ্চলিক দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

দৌলতপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

6

কুষ্টিয়া প্রতিনিধি।।

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় দু-জন আহত হয়েছে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত সুজন ইসলাম (৩৮) বিএনপির কর্মী এবং শরীফুল (৩৫) যুবদলের নেতা বলে স্থানীয়রা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি একরামুল হক এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নয়ন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার কয়েক দফায় উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে।

এরই এক পর্যায়ে রাতে বাহিরমাদী চৌরাস্তার মোড়ে অবস্থানকালে সুজন ইসলামের ওপর হামলা চালালে আবারো দু-পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বিএনপি কর্মী সুজন ও যুবদল নেতা শরিফুল গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর অবস্থার পরিবর্তন না হওয়ায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। আহত সুজনের অবস্থা আশংকাজনক হওয়া তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে ইউনিয়ন বিএনপি‘র সভাপতি সাইদুর রহমান জানিয়েছেন।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এ ব্যাপারে অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে বলে ওসি জানিয়েছেন।