জাহিদুর রহমান।।
জীবনের প্রতিটি মোড়ে লড়াই ছিল তাঁর সঙ্গী। তবুও থেমে যাননি। দায়িত্ব, প্রতিকূলতা আর স্বপ্নকে একসাথে বুকে ধারণ করে আজ তিনি একজন সফল নারী উদ্যোক্তা। খুলনার পশ্চিম টুটপাড়ার মাওলার বাড়ি খালপাড় এলাকার মেয়ে এলিনা এখন অনেক নারীর অনুপ্রেরণার নাম।
সরকারি চাকরিজীবী বাবার আদরের ছোট মেয়ে এলিনার শৈশব কেটেছে সাতক্ষীরার আশাশুনি উপজেলায়। দুই বড় ভাই ও এক বোনের সংসারে ছিলেন সবার ছোট। স্কুলজীবন কেটেছে সাতক্ষীরায়, আর কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা সম্পন্ন করেছেন খুলনায়।
মাত্র ১৬ বছর বয়সে বাবাকে হারানোর পর বদলে যায় জীবনের গল্প। পরিবারের দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। অনেকেই ভেবেছিলেন আদুরে মেয়েটি হয়তো ভেঙে পড়বে। কিন্তু জীবনযুদ্ধই তাঁকে করে তোলে আরও দৃঢ়।
২০১৬ সালে মাত্র ১৯ বছর বয়সে শুরু করেন ট্রাভেল এজেন্সি ব্যবসা “এলিনা ট্রাভেলস সার্ভিস”। অল্প বয়সে ব্যবসা শুরু করলেও আত্মবিশ্বাস আর পরিশ্রমে ধীরে ধীরে পরিচিতি পেতে থাকেন তিনি।

এরপর ২০২১ সালে শুরু করেন পোশাক ব্যবসা “এলিনাস শপ”। খুলনা নিউ মার্কেটের ২২৯ নম্বর দোকান থেকে যাত্রা শুরু হলেও সেখানেই থেমে থাকেননি। তৈরি পোশাকের চাহিদা বাড়তে থাকায় নিজ বাড়িতে ছোট পরিসরে গড়ে তোলেন একটি পোশাক কারখানা। বর্তমানে সেখানে ১২ থেকে ১৫ জন নারী কাজ করছেন। নিজেদের তৈরি পোশাক এখন বিভিন্ন জায়গায় পাইকারিভাবে বিক্রি হচ্ছে।
তবে ব্যবসার পথটাও সহজ ছিল না। ২০২২ সালে তাঁর মায়ের ক্যান্সার ধরা পড়ে। মায়ের চিকিৎসার জন্য দীর্ঘ ৮ মাস ভারতে চেন্নাইয়ে থাকতে হয়েছে তাঁকে। চিকিৎসার পুরো দায়িত্ব নিজেই সামলেছেন। পরিবার, ব্যবসা আর মায়ের জীবন বাঁচানোর লড়াই—সব একসাথে চালিয়ে গেছেন অদম্য সাহসে।
ব্যক্তিগত জীবনেও এসেছে ভাঙন। কিন্তু জীবনের কোনো ব্যর্থতাই তাঁকে থামাতে পারেনি। বরং প্রতিটি কষ্টই তাঁকে আরও শক্ত করেছে।
এলিনা বলেন, “অনেকেই বলে, বাবার আদরের এলিনা আজ কত দায়িত্ব কাঁধে নিয়ে চলছে। আসলে জীবন আমাকে শিখিয়েছে—থেমে গেলে চলবে না। নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য কিছু করতে হবে।”

আজ তিনি শুধু একজন ব্যবসায়ী নন, একজন সংগ্রামী নারী, একজন কর্মসংস্থান সৃষ্টিকারী উদ্যোক্তা। তাঁর হাত ধরে কয়েকজন নারীও পেয়েছেন স্বাবলম্বী হওয়ার সুযোগ।
সংগ্রাম আর সাহসের আরেক নাম এখন এলিনা। তাঁর গল্প প্রমাণ করে—ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে প্রতিকূলতাকেও জয় করা সম্ভব।










































