Home আঞ্চলিক পিএমজি এলাকায় বৃক্ষ নিধনের প্রতিবাদে খুলনায় বাপার মানববন্ধন

পিএমজি এলাকায় বৃক্ষ নিধনের প্রতিবাদে খুলনায় বাপার মানববন্ধন

9

স্টাফ রিপোর্টার।।


খুলনা মহানগরীর বয়রাস্থ বিভাগীয় পোস্টমাস্টার জেনারেলের (পিএমজি) কার্যালয় সংলগ্ন আবাসিক এলাকায় বন বিভাগের অনুমতি ছাড়া গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পিএমজি কার্যালয় চত্বরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), খুলনা এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন থেকে বৃক্ষ নিধনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বক্তারা বলেন, সরকার যখন পরিবেশ রক্ষায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিচ্ছে, তখন একটি স্বার্থান্বেষী মহল গাছ কেটে পরিবেশ ধ্বংসের পাশাপাশি সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন করার চেষ্টা করছে। এ ঘটনায় জড়িতদের মুখোশ উন্মোচন করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও খুলনা জেলা শাখার সমন্বয়কারী অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদারের সভাপতিত্বে এবং বাপার নির্বাহী সদস্য এস এম দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম।

এ সময় আরও বক্তব্য দেন সিপিবি নেতা মো. মিজানুর রহমান বাবু, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) খুলনার সমন্বয়কারী মাহাফুজুর রহমান মুকুল, গণসংহতি আন্দোলনের খুলনা জেলা সমন্বয়কারী মুনীর চৌধুরী সোহেল, বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, জলবায়ু ও পরিবেশ গবেষক বাহালুল আলম, ছায়া বৃক্ষের প্রধান নির্বাহী মাহাবুব আলম বাদশা, কবি নাজমুল তারেক তুষার, মহানগর বিএনপি নেতা সাজ্জাদ আহসান পরাগ, এনসিপি নেতা আহম্মেদ হামীম রাহাত, বাসদ নেত্রী কোহিনুর আক্তার কনা, ইঞ্জিনিয়ার শাহীন হাওলাদারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতারা।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে বৃক্ষ নিধন বন্ধ এবং নগরীর পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।