স্পোর্টস ডেস্ক।।
শিশুদের কাণ্ড কারখানায় মেলে নির্মল আনন্দ। তথ্য-প্রযুক্তির এই যুগে তাই এখন অনেককেই দেখা যায় তাদের রিলসে বুঁদ থাকতে। তবে ‘শিশু’ বৈভব সূর্যবংশী ব্যতিক্রম। কাণ্ড কারখানা দিয়ে নয়, ব্যাট-বলের পারফরম্যান্সে ক্রীড়াপ্রেমীদের মুগ্ধ করে রাখছেন তিনি।
তবে চার-ছক্কা হাঁকিয়ে রাজস্থান রয়্যালসের যেন বিপদ ডেকে আনছেন সূর্যবংশী। এমনটা পড়ে কারো হয়তো খটকা লাগতে পারে? খটকা লাগাটাই অবশ্য স্বাভাবিক। কেননা বাঁহাতি ব্যাটার চার-ছক্কা মারলে রাজস্থানেরই তো লাভ। আইপিএলে লাভের সেই গুড় খাচ্ছেও প্রথমবারের চ্যাম্পিয়নরা।
কিন্তু এবার রাজস্থানের সামনে বাধ সাধতে যাচ্ছে এক সমাজকর্মী। সিএম শিবাকুমার নায়েক নামের এক সমাজকর্মী রাজস্থানের বিরুদ্ধে শিশু শ্রম আইনের লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। কর্ণাটকের সমাজকর্মীর মতে, সূর্যবংশী প্রাপ্তবয়স্ক না হওয়ায় তাকে উচ্চ চাপের মুখে ফেলে দেওয়া হচ্ছে। সঙ্গে আইপিএলের বাণিজ্যিক স্বার্থে তাকে ব্যবহার করাটাও শিশু অধিকার ও শ্রম আইনের লঙ্ঘন।
তাই সূর্যবংশীকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত আইপিএল খেলেনো হলে রাজস্থানের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন শিবাকুমার। অর্থাৎ, তার চাওয়া দ্রুতই যেন বাঁহাতি ওপেনারকে আইপিএল থেকে দূরে রাখা হয়। কেননা ভারতের আইনেও বলা আছে, ১৮ বছরের কম বয়সী যেকোনো ব্যক্তিকে শিশু বা কিশোর হিসেবে গণ্য করা হয়।
সূর্যবংশীকে নিয়ে ভারতের কন্নড় নিউজ চ্যানেলের এক ডিবেটে শিবাকুমার বলেছেন, ‘১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী রাজস্থান রয়্যালসের দ্বারা শোষিত হচ্ছে। সে তো এক শিশু।
অথচ আইপিএলের মতো একটি পেশাদার লীগে তাকে নিয়ে এসেছে তারা। এটা শিশুশ্রম ছাড়া আর কিছু নয়। এই অল্প বয়সে ক্রিকেট খেলার পরিবর্তে তার উচিত পড়াশোনায় মনোযোগ দিয়ে শিক্ষা শেষ করা।’
সেই জল কতদূর গড়ায় সেটা এখন সময়ই বলবে। তবে ১৫ বছর ৪০ দিন বয়সী সূর্যবংশী ঠিকই বোলারদের ঘাম ছুটাচ্ছেন। তার ব্যাটের মাইর থেকে জাসপ্রীত বুমরাহ-প্যাট কামিন্সরা পর্যন্ত রক্ষা পাচ্ছেন। এই বয়সে কতটা দাপটের সঙ্গে ক্রিজে শাসন করছেন প্রমাণ পাওয়া যাচ্ছে রানে। এখন পর্যন্ত ১০ ম্যাচে ৪০৪ রান করে ব্যাটারদের তালিকায় চারে আছেন তিনি। কমপক্ষে ৩০০ রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইকরেট তার, ২৩৭.৬৪। নামের পাশে রয়েছে ২ ফিফটির বিপরীতে আছে ১ সেঞ্চুরি।











































