Home খেলাধুলা বিশ্বকাপ প্রস্তুতিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান-ইংল্যান্ড-শ্রীলঙ্কা

বিশ্বকাপ প্রস্তুতিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান-ইংল্যান্ড-শ্রীলঙ্কা

2

স্পোর্টস ডেস্ক।।

ব্যস্ত আন্তর্জাতিক ক্রিকেট সূচির মাঝেও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বড় পরিকল্পনা করছে পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। ক্রিকেটভিত্তিক বিভিন্ন ওয়েবসাইটের প্রতিবেদনে জানা গেছে, চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ওয়ানডে ফরম্যাটে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে সম্মত হয়েছে তিন দেশ।

যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সংশ্লিষ্ট বোর্ডগুলো। ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ।

সেই আসরের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিরিজ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। সিরিজের ভেন্যু নিয়ে এখনও আলোচনা চলছে।

পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আগামী কয়েক দিনের মধ্যেই সূচি প্রকাশ করা হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র ‘দ্য পাইওনিয়ার’-কে জানিয়েছে, ‘পিসিবি সম্ভবত লাহোর ও করাচি; এই দুটি ভেন্যুতেই ম্যাচ আয়োজন করতে চায়। তবে চূড়ান্ত তারিখ ও ভেন্যু খুব শিগগিরই নির্ধারণ করা হবে।’

সাম্প্রতিক ওয়ানডে পারফরম্যান্সে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে পাকিস্তান। ২০২৫-২৬ মৌসুমে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলেছে তারা। দক্ষিণ আফ্রিকাকে ২-১ এবং শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হারালেও বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হারে পাকিস্তান।

অন্যদিকে ইংল্যান্ড সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের ২-১ ব্যবধানে হারালেও নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় তারা। শ্রীলঙ্কার অবস্থাও খুব একটা ভালো নয়। পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পর ইংল্যান্ডের কাছেও ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে তারা।

এদিকে আরও জানা গেছে, ২০২৬ সালের অক্টোবর-নভেম্বরে পাকিস্তান সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে সম্মত হয়েছে শ্রীলঙ্কা। পাশাপাশি ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে অস্ট্রেলিয়া দলও পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৬ সালে পাকিস্তানের আন্তর্জাতিক সূচিতে রয়েছে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট ৮-১২ মে মিরপুরে এবং দ্বিতীয় টেস্ট ১৬-২০ মে সিলেটে অনুষ্ঠিত হবে। এরপর আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। লিডসে প্রথম টেস্ট হবে ১৯-২৩ আগস্ট, লর্ডসে দ্বিতীয় টেস্ট ২৭-৩১ আগস্ট এবং বার্মিংহামে তৃতীয় টেস্ট ৯-১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।