স্টাফ রিপোর্টার।।
খুলনা জেলার দাকোপ উপজেলার ৪নং কৈলাশগঞ্জ ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবীর মন্ডলের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল ইউনিয়ন পরিষদ চত্বরে এসে জড়ো হয়।
মিছিলে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন। প্ল্যাকার্ডে ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবীর মন্ডল ও তার অনুসারীদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা এবং প্রকল্প বাস্তবায়নের নামে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে ধরা হয়। এছাড়া বিগত সময়ে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগও উল্লেখ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের ৪ মার্চ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে নানা অনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এর আগে ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ ও তা বাতিলসহ একাধিক সিদ্ধান্তকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে গত ৯ মার্চ এলাকাবাসী গণস্বাক্ষর সংগ্রহ করে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।
বিক্ষোভকারীরা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও দ্রুত অপসারণের দাবিতেই তাদের এই কর্মসূচি।
এদিকে, আন্দোলনরত জনগণের সঙ্গে মুঠোফোনে কথা বলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। তিনি বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়ে জানান, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবীর মন্ডল বলেন, “এটি বিচ্ছিন্ন ঘটনা। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখছে।”
বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।










































