বিনোদন প্রতিবেদক।।
গত ঈদুল ফিতরে ‘দম’ সিনেমার রেশ কাটতে না কাটতেই বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা পূজা চেরি। আসন্ন ঈদুল আজহার মুক্তি প্রতীক্ষিত সিনেমার তালিকায় যুক্ত হলো তার নতুন সিনেমা ‘নাকফুলের কাব্য’। সম্প্রতি একটি পোস্টার প্রকাশের মাধ্যমে এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।
আলোক হাসানের পরিচালনায় এই সিনেমার মূল প্রেক্ষাপট আবর্তিত হয়েছে এক অমর প্রেম ও বিরহকে কেন্দ্র করে। গল্পের বিশেষত্ব হলো, এতে সমাজপতিদের রক্তচক্ষু ও রক্তাভ শাসনকে উপেক্ষা করে ভালোবাসার এক মানবিক লড়াই ফুটিয়ে তোলা হয়েছে।
পূজা চেরি বলেন, ‘এই গল্পের পরতে পরতে প্রেম, কষ্ট আর স্বপ্নের এক মিশেল রয়েছে, যা বাস্তবসম্মত। চিত্রনাট্যটি আমার হৃদয়ের খুব কাছের। আমার বিশ্বাস, দর্শকরা পর্দার চরিত্রটির সঙ্গে একাত্ম হতে পারবেন এবং সিনেমাটি তাদের মনে দীর্ঘস্থায়ী দাগ কাটবে।’
এই সিনেমায় পূজার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ। প্রেম, রোমান্টিকতা ও কমেডি ঘরানার এই সিনেমাতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ, আলীরাজসহ অনেকে।
আসন্ন কোরবানির ঈদে বিনোদনের পূর্ণ মাত্রা যোগ করতে ‘নাকফুলের কাব্য’ প্রেক্ষাগৃহে দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।









































