Home স্বাস্থ্য কার্বাইড দিয়ে পাকানো কলা চেনার উপায় কী

কার্বাইড দিয়ে পাকানো কলা চেনার উপায় কী

2


মিলি রহমান।।
আজকাল প্রায় সব খাবারে ভেজাল মেশানো হয়। ফলও পাকানো হয় রাসায়নিক, কার্বাইড দিয়ে। ছোট-বড় সবার প্রিয় ফল কলা পাকানো হয় ক্যালসিয়াম কার্বাইড দিয়ে। এ ধরনের কলা খেলে উপকার তো হয়ই না, বরং স্বাস্থ্যঝুঁকি বাড়ে। কার্বাইড দিয়ে পাকানো কলা নিয়মিত খেলে স্নায়ুর সমস্যা, মাথা ব্যথা, হজমের গন্ডগোল হতে পারে। তাই কলা কেনার সময় দেখেই বুঝতে হবে কোনটা গাছপাকা কলা, আর কোন কলাটা কৃত্রিমভাবে পাকানো হয়।

ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’-এ কার্বাইড দিয়ে পাকানো কলা চেনার কিছু উপায় সম্পর্কে বলা হয়েছে। যেমন:

রূপ দেখে চিনুন
দেখতে সুন্দর ও উজ্জ্বল কলা কিনবেন না। গায়ে কোনো দাগছোপ না থাকলে বুঝবেন এই কলা গাছপাকা নয়। কলার গায়ে কালচে ছোপ থাকাটাই স্বাভাবিক। তা ছাড়া কলা প্রাকৃতিকভাবে পাকলে তার রং সর্বত্র সমান হবে না এবং ত্বক মসৃণও হবে না।

খোসা দেখেও চেনা যায়
কলা পেকে গেছে কিন্তু খোসা মোটা রয়ে গেছে, এমন কলা দেখলে বুঝবেন কৃত্রিমভাবে পাকানো হয়েছে। কলা কলা যত পাকবে, তার খোসাও পাতলা হবে। তাই কেনার সময়ে পরখ করুন খোসা পাতলা না মোটা। কার্বাইড দিলে খোসা পেকে যায় কিন্তু ভিতরটা কাঁচাই থাকে।

গাছপাকা কলার নিজস্ব গন্ধ থাকে
রাসায়নিক দিয়ে পাকানো কলার গন্ধ ঢাকা যায় না। গাছপাকা কলার নিজস্ব গন্ধ থাকে। রাসায়নিক প্রয়োগ করলে সেই গন্ধ থাকে না। মনে রাখুন, পাকা কলার মিষ্টি সুবাস সহজে পাওয়া যায় না। কার্বাইডের গন্ধ চড়া হয়। সেটা নাকে এসে লাগে। তাই কেনার সময় গন্ধ শুকে নিন।

স্বাদ চেখে দেখুন
প্রাকৃতিকভাবে পাকা কলা খুব মিষ্টি এবং ক্রিমের মতো হয়। আর কার্বাইড দিয়ে পাকানো কলার তেমন স্বাদ থাকে না। বিস্বাদ খেতে হয়। কোনো মিষ্টতা থাকে না। এমন কলা হলে বুঝবেন তাতে ভেজাল মেশানো আছে।