মিলি রহমান।।
অনেকেরই সকালে উঠে খালি পেটে এক গ্লাস মৌরি ভেজানো পানি খাওয়ার অভ্যাস আছে। কেউ কেউ আবার জিরা ভেজানো পানি খান। অনেক ডায়বেটিস রোগী আছেন রক্তে শর্করার মাত্র কমাতে ওষুধের পাশাপাশি প্রাকৃতিক উপায়ে সমাধানের দিকে ঝুঁকছেন। এই রোগে ভোগা রোগীদের কেউ কেউ মৌরি কিংবা জিরা পানি দৈনন্দিন খাবারের তালিকায় রাখেন। কিন্তু এই দুটির মধ্যে কোনটি ডায়াবেটিস রোগীদের জন্য বেশি উপকারী তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে।
জিরা পানি
জিরায় থাকা থাইমোকুইনোন’ এবং ‘কিউমিনালডিহাইড’ নামক যৌগগুলি শরীরের মেটাবলিজম বা বিপাক হার বাড়িয়ে দেয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, জিরা পানি প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়কে উদ্দীপিত করে বেশি পরিমাণে ইনসুলিন তৈরি করতে সাহায্য করে। শুধু তাই নয়, জিরে শরীরের কোষগুলোর ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে দেয়। সব মিলিয়ে শরীরে যেটুকু ইনসুলিন আছে,সেটা আরও কার্যকরভাবে ব্যবহার করতে সাহায্য করে জিরা। যারা ‘ফাস্টিং ব্লাড সুগার’ বা দীর্ঘমেয়াদি শর্করার গড় (এইচবিএওয়ান সি) কমাতে চাইছেন, তাদের জন্য পানি উপকারী। এটি রক্তে কার্বোহাইড্রেট ভাঙার গতিও ধীর করে দেয়। এর ফলে খাওয়ার পর হঠাৎ করে সুগার বেড়ে যাওয়ার ভয় থাকে না।
মৌরি পানি
মৌরি পানি রক্তের শর্করা নিয়ন্ত্রণে কিছুটা ভিন্নভাবে কাজ করে। এটি সরাসরি ইনসুলিন না বাড়িয়ে শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্লামেশন কমায়। দীর্ঘদিনের প্রদাহ থেকেই অনেক সময় ইনসুলিন কাজ করা বন্ধ করে দেয়। মৌরিতে থাকা ‘অ্যানেথোল’ এবং ‘কোয়ারসেটিন’ নামক উপাদানগুলো শরীরকে ঠান্ডা রাখে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায়। চিকিৎসাবিজ্ঞানের মতে, ইনসুলিন রেজিস্ট্যান্সের পেছনে একটা বড় কারণ হল এই প্রদাহ। মৌরিতে থাকা ‘অ্যানেথোল’ হজম ক্ষমতা বাড়ায় এবং শরীরের টক্সিন বার করে দিতে সাহায্য করে। সবচেয়ে বড় সুবিধা হল, মৌরি পানি ঘনঘন মিষ্টি খাওয়ার বা অসময়ে খাওয়ার প্রবণতা কমিয়ে দেয়। এ কারণে যাদের সুগার বেড়ে যাওয়ার পেছনে হজমের সমস্যা বা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস দায়ী, তাদের জন্য মৌরি পানি সেরা বিকল্প।
কখন কোনটি খাবেন?
বিশেষজ্ঞদের মতে, বিপাকক্রিয়া বাড়াতে সকালে খালি পেটে জিরা পানি পান করুন। আর সারাদিনের ক্লান্তি কাটাতে বা ভারী খাবারের পর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে খেতে পারেন মৌরি পানি। তীব্র গরমে মৌরি যেমন শরীর ঠান্ডা রাখে, তেমনি বর্ষায় বা শীতে জিরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। মনে রাখবেন, এগুলো ওষুধের পরিপূরক হতে পারে, বিকল্প নয়।
সূত্র : দ্য ওয়াল ,টিভিনাইনবাংলা











































