স্টাফ রিপোর্টার।।
খুলনা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ নির্বাচন আজ বৃহস্পতিবার। নির্বাচন পরিচালনা কমিটি ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, নির্বাচনে মোট ১৫টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। খুলনা প্রেসক্লাবের অন্তর্বতীকালীন কমিটির বার্ষিক সাধারণ সভা বুধবার দুপুরে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ মিজানুর রহমান মিলটন, মোস্তফা সরোয়ার ও তৈয়ব মুন্সী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোঃ তরিকুল ইসলাম, মোঃ হেদায়েত হোসেন মোল্লা ও শেখ কামরুল ইসলাম। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম এ হাসান ও বিমল সাহা। তিনটি সহ-সভাপতি পদে লড়ছেন মোঃ জাহিদুল ইসলাম, কাজী শামিম আহমেদ, সোহরাব হোসেন ও আতিয়ার পারভেজ। যুগ্ম-সম্পাদক পদে প্রার্থী শেখ মাহমুদ হাসান ও মোঃ বেল্লাল হোসেন সজল; পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বশির হোসেন, শেখ জাহিদুল ইসলাম ও রবিউল গাজী উজ্জ্বল। ছয়টি নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন কাজী মোতাহার রহমান, মোঃ মাকসুদুর রহমান মাকসুদ, কে এম জিয়াউস সাদাত, মোঃ আনিস উদ্দিন, সোহেল মাহমুদ, শেখ লিয়াকত হোসেন, মহেন্দ্রনাথ সেন, মোঃ মেহেদী মাসুদ খান ও রাজু আহমেদ। এদিকে ইতোমধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মিলন।
খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম এবং সদস্য খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান দায়িত্ব পালন করবেন।
বার্ষিক সাধারণ সভার শুরুতে শহীদ মুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র ও জনতা এবং মৃত্যুবরণকারী সকল সাংবাদিকের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৬ এর ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে এবং পরপরই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। এছাড়া সভায় ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর থেকে গত ২৭ এপ্রিল পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল ও নির্বাহী সদস্য কৌশিক দে।
সভায় বক্তৃতা করেন ক্লাবের সাবেক সভাপতি এসএম হাবিব, সাবেক সাধারণ সম্পাদক কাজী মোতাহার রহমান ও হাসান আহমেদ মোল্লা, ক্লাব সদস্য ও দৈনিক প্রবর্তন সম্পাদক মোঃ মোস্তফা সরোয়ার, দৈনিক সময়ের খবর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, গৌরাঙ্গ নন্দী, শামছুজ্জামান শাহীন, মোঃ সোহরাব হোসেন, কাজী শামীম আহমেদ, বিমল সাহা ও কেএম জিয়াউস সাদাত প্রমুখ। সাধারণ সভায় ক্লাবের নির্বাহী সদস্য দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মোঃ মিজানুর রহমান মিলটন, নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম নূরসহ ক্লাবের অন্যান্য সদস্য মিলে মোট ১১২ জন সদস্য উপস্থিত ছিলেন।











































