স্পোর্টস ডেস্ক।।
বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব সেরা পাঁচে নেই। মাত্র তিন জয়ে ১৪ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান ছয় নম্বরে। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের (২৮ পয়েন্ট) চেয়ে পিছিয়ে ১৪ পয়েন্টে। লিগের পাঁচ ম্যাচ বাকি থাকতে মোহামেডানের ট্রফি ধরে রাখার সম্ভাবনা নেই।
মতিঝিলপাড়ার ক্লাবটি ব্যাকফুটে চলে গেলেও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড আছে দারুণ ছন্দে। এই মৌসুমে তাদের সঙ্গে সমানতালে টেক্কা দেওয়া ফর্টিস এফসিও শিরোপার স্বপ্ন দেখছে। হারানো শিরোপা পুনরুদ্ধারের মিশনে থাকা কিংসকে ছুঁতে শুক্রবার (২৪ এপ্রিল) মুখোমুখি হচ্ছে আবাহনী ও ফর্টিস এফসি।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল লিগে দুই দলের লড়াইটি শুরু হবে বেলা সাড়ে ৩টায়।
ফর্টিস এবং আবাহনীর পয়েন্ট সমান ২৫। গোল পার্থক্যে এগিয়ে থাকায় দুইয়ে আবাহনী (+১৫) এবং তিনে ফর্টিস (+১০)। দুই দলের চেয়ে তিন পয়েন্ট বেশি পেয়ে সবার ওপরে লিগের বসুন্ধরা কিংস।











































