Home খেলাধুলা শঙ্কায় ইয়ামাল-এস্তেভাওদের বিশ্বকাপ

শঙ্কায় ইয়ামাল-এস্তেভাওদের বিশ্বকাপ

0

স্পোর্টস ডেস্ক।।

বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, চোটের কারণে তারকাদের ছিটকে যাওয়ার তালিকা যেন ততোই লম্বা হচ্ছে। ব্রাজিলের রদ্রিগো, আর্জেন্টিনার হুয়ান ফয়েথ, ফরাসি ফরোয়ার্ড হুগো একিতিকির পর এ তালিকায় সর্বশেষ সংযোগ জার্মান উইঙ্গার সার্জিও জিনাব্রি। শঙ্কায় আছেন দুই সেরা উঠতি প্রতিভা স্পেনের লামিয়ে ইয়ামাল ও ব্রাজিলের এস্তেভাও। ইয়ামালকে নিয়ে অবশ্য আশার বাণী শোনা গেছে। হ্যামস্ট্রিংয়ের চোটে বার্সার হয়ে চলতি মৌসুমে আর মাঠে নামতে না পারলেও তিনি বিশ্বকাপে খেলতে পারবেন বলে জানা গেছে। আর এস্তেভাওয়ের চোটে নেইমারের বিশ্বকাপ খেলার সম্ভাবনা বেড়ে গেছে।

বিশ্বকাপ খেলতে না পারার বিষয়টি জিনাব্রি নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যমে। তাঁর ক্লাব বায়ার্ন মিউনিখ জানিয়েছে, জিনাব্রির ডান ঊরুর অ্যাডাক্টর মাংসপেশি ছিড়ে গেছে। এ কারণে তাঁকে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে। বিশ্বকাপের আগে তাঁর সুস্থ হয়ে ওঠার কোনো সম্ভাবনা নেই।

এ দুঃসংবাদ ইনস্টাগ্রামে দিয়েছেন ৩০ বছর বয়সী এ উইঙ্গার, ‘বিশ্বকাপের স্বপ্নটা দুঃখজনকভাবে আমার জন্য শেষ হয়ে গেছে। দেশের বাকি সবার মতো আমিও টিভির সামনে বসে দলকে সমর্থন করব। এখন পুরো মনোযোগ থাকবে পুনর্বাসন ও প্রাক-মৌসুমের আগে ফেরার প্রস্তুতিতে।’ জার্মান জাতীয় দলের নিয়মিত সদস্য জিনাব্রি। বিশ্বকাপের বাছাইয়ের সব ম্যাচেই শুরুর একাদশে ছিলেন এবং মার্চে দুটি প্রীতিও খেলেছেন। জার্মান বিশ্বকাপ দলে তাঁর সুযোগ পাওয়াটা নিশ্চিতই ছিল। চোট সব শেষ করে দিল।

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছেন লামিনে ইয়ামালও। গত বুধবার (২২ এপ্রিল) সেল্টা ভিগোর বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তিনি। স্ক্যান রিপোর্ট ও গতকাল বার্সা ট্রেনিং গ্রাউন্ডে তাঁকে পরীক্ষা–নিরীক্ষার পর ক্লাব কর্তৃপক্ষ ইয়ামালের বিশ্বকাপ খেলা নিয়ে আশাবাদী। ইয়ামালের হ্যামস্ট্রিংয়ের পেশি ছিড়ে গেলেও স্পেনের জন্য স্বস্তির খবর হলো, এজন্য অস্ত্রোপচার লাগবে না তাঁর। বার্সা মেডিক্যাল টিম জানিয়েছে, রক্ষণশীল পদ্ধতিতে তাঁর চিকিৎসা হবে। চোটের কারণ চলতি মৌসুমে বার্সার বাকি ৬টি ম্যাচ তিনি খেলতে না পারলেও বিশ্বকাপের আগে তিনি ঠিকই সুস্থ হয়ে উঠবেন বলে কাতালান ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে।

১৫ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে স্পেন। গত বুধবার সেল্ট ভিগোর বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে উদযাপনের বদলে ব্যথায় মাঠের মধ্যে শুয়ে পড়েন ইয়ামাল। তখনই বোঝা যাচ্ছিল, বাঁ পায়ে বাজে কোনো চোট পেয়েছেন। বিরতির আগেই বার্সার মেডিকেল টিমের সহায়তায় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন ১৮ বছর বয়সী এ তারকা।

ব্রাজিলের সাম্প্রতিক সময়ের উঠতি প্রতিভাদের মধ্যে এস্তেভাওই সবচেয়ে উজ্জ্বল। গত কিছু দিন ধরে চোটে ভুগছেন চেলসির এ উইঙ্গার। কিন্তু চোট কাটিয়ে মাঠে ফিরে ১৯ এপ্রিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চেলসির হারের রাতে আবার চোটে পড়েছেন ১৮ বছরের এ তরুণ। এই চোটে তাঁর বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ব্রাজিল বস কার্লো আনচেলত্তির অন্যতম সেনানী এই এস্তেভাও। ইতালিয়ান এ কোচের অধীনে ব্রাজিলের হয়ে গত ৭ ম্যাচে ৫টি গোল করার পাশাপাশি ৫টি অ্যাসিস্টও করেছেন তিনি।

ব্রাজিলের গণমাধ্যম সূত্র জানা গেছে, যদি নকআউট পর্বেও তাঁর ফেরার সম্ভাবনা থাকে তাহলে এস্তেভাওকে দলে রাখতে পারেন আনচেলত্তি। শেষ পর্যন্ত তিনি যদি ছিটকেই যান, তাহলে সম্ভাবনা বেড়ে যাবে নেইমারের। যদিও কোচ অনেক দিন আগে থেকেই বলে আসছেন যে বিশ্বকাপ দলে জায়গা পেতে হলে নেইমারকে ফিটনেসের প্রমাণ দিতে হবে। এস্তেভাওয়ের চোটে সেটা কিঞ্চিৎ শিথিলও হতে পারে। আগামী ১৮ মে ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা হবে।