বিনোদন ডেস্ক।।
অকালেই থেমে গেল অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহীর পথচলা। মঙ্গলবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। বয়স হয়েছিল ৩০ বছর।
ভারতের উত্তরপ্রদেশ বিনোদনজগতের পরিচিত মুখ দিব্যাঙ্কা। বুলন্দশহরে তার জন্ম। পরিবারসহ থাকতেন গাজিয়াবাদে। মঙ্গলবার রাত ৮টার দিকে দিব্যাঙ্কার মাথা ঘোরা শুরু হয়। এক পর্যায়ে মাথা ঘুরে মাটিতে পড়ে মাথায় আঘাত পান। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকৎসক মৃত ঘোঘণা করেন।
আজ বুধবার সকালে গাজিয়াবাদে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। প্রযোজক জিতু এবং শিল্পী বিকাশসহ হরিয়ানভি চলচ্চিত্রের অনেকেই এসেছিলেন তাকে শ্রদ্ধা জানাতে।
চৌধুরী চরণ সিংহ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে সিকিমের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিও নিয়েছিলেন অভিনেত্রী দিব্যাঙ্কা। আঞ্চলিক বিনোদন অঙ্গনে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছিলেন। বিশেষ করে গায়ক মাসুম শর্মার সঙ্গে একাধিক মিউজিক ভিডিওতে কাজ করে নজর কাড়েন তিনি। সামাজিকমাধ্যমেও তার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো।
এক সাক্ষাৎকারে দিব্যাঙ্কা জানিয়েছিলেন, ছোটবেলা থেকে অভিনয় ও নাচের প্রতি তার গভীর আগ্রহ। নিজের বিশেষ অভিব্যক্তির জন্য ভাইরাল ভিডিও তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। সূত্র: বলিউড লাইফ











































