স্পোর্টস ডেস্ক।।
আবু হায়দার রনি না পেলেও বিসিএলে সেঞ্চুরির দেখা পেয়েছেন নর্থ জোনের দুই ব্যাটার প্রীতম কুমার ও আকবর আলী। দুজনের সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ৬৫ রানের লিড নিয়েছে নর্থ জোন।
সিলেট একাডেমি মাঠে সাইথ জোনের ৩১৪ রানের বিপরীতে ব্যাটিংয়ে নেমে প্রথম দিন বিনা উইকেটে ১৬ রানে দিন শেষ করেছিল নর্থ জোন। দুই অপরাজিত ব্যাটার আব্দুল্লাহ আল মামুন (১৫) ও সাব্বির হোসেন (১৮) আজ (২২ এপ্রিল) খুব বেশি সময় ব্যাটিং করতে পারেননি।
দ্রুতই তাদের পথ অনুসরণ করেন ইকবাল হোসেনও (৯)। ৫৩ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরেন প্রীতম ও আকবর। ১৫ চার ও ২ ছক্কায় ব্যক্তিগত ১২১ রানে অধিনায়ক আকবর যখন আউট হন ততক্ষণে জুটির রান দাঁড়িয়েছে ২৩৩। পরে আরও দুই সতীর্থকে বিদায় নিতে দেখলেও ১৫১ রানে অপরাজিত আছেন প্রীতম।
১৬ চার ২ ছক্কা হাঁকানো উইকেটরক্ষক ব্যাটারের সঙ্গে অপরাজিত থেকে দিন শেষ করেছেন সানজামুল ইসলাম। বাঁহাতি স্পিনার অপরাজিত আছেন ২২ রানে। আগামীকাল ৬ উইকেটে ৩৭৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবে নর্থ জোন। সাইথের হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন সফর আলী ও সাইমুম বশির রাতুল।
অন্যদিকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় সেঞ্চুরির আশায় আজ ব্যাটিংয়ে নেমেছিলেন রনি। তবে প্রথম শ্রেণির ক্যারিয়ারে আরেকটি সেঞ্চুরি যোগ করতে পারেননি তিনি। গতদিনের অপরাজিত ৯০ রানের সঙ্গে কোনো রান যোগ না করেই আউট হয়েছেন সেন্ট্রাল জোনের অলরাউন্ডার।
রনির মতো সেঞ্চুরি পাওয়া হয়নি আশিকুর রহমান শিবলিরও। ৭৫ রানে দিন শুরু করতে নেমে ৮৬ রানে থেমেছেন তিনি।
তারা আউট হওয়ার পরে আর বেশি দূর সেন্ট্রাল জোনের ইনিংস এগোয়নি। ৩০৭ রানে তাদের প্রথম ইনিংস থামে। ইস্ট জোনের পেসার তোফায়েল আহমেদের ৩ উইকেটের বিপরীতে সর্বোচ্চ ৪টি নিয়েছেন ইবাদত হোসেন।
বিপরীতের ব্যাটিংয়ে নেমে তিন ফিফটিতে ২৪৩ রানে দিন শেষ করেছে ইস্ট জোন। উইকেট হারিয়েছে ৩টি। প্রতিপক্ষের থেকে ৬৪ রানে পিছিয়ে তারা। ওপেনার মাহমুদুল হাসানের ৬৪ রানের বিপরীতে ফিফটি করে অপরাজিত আছেন দুই ব্যাটার অমিত হাসান ও মুশফিকুর রহিম। আগামীকাল ১২ রানের দূরত্ব ঘোচাতে পারলে সেঞ্চুরির দেখাও পাবেন অমিত। তার ৮৮ রানের বিপরীতে ৫৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিক। সেন্ট্রালের হয়ে দিনের সেরা বোলার পেসার এনামুল হক, ২ উইকেট নিয়েছেন তিনি











































