কেশবপুর (যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে ঝড়-বৃষ্টির আশঙ্কায় আধাপাকা ধান কেটে নিচ্ছেন কৃষকরা| সোমবার (২০ এপ্রিল) উপজেলার ভোগতীনরেন্দ্রপুর বিলে ধান কাটেন তারা|
উপজেলার ভোগতীনরেন্দ্রপুর গ্রামের কৃষক আব্দুল হালিম বলেন, আকাশে মেঘ জমলেই পরান (মন) কাঁপতে থাকে| যে কারণে আগেই পানির ভেতর থেকে হেলে পড়া আধাপাকা ধান কেটে ফেলা হচ্ছে|
উপজেলার দোরমুটিয়া গ্রামের কৃষক হুমায়ূন কবীর বলেন, ঝড়ে ধান পড়ে গেছে| এখনো কাটার মতো হয়নি| এর পরও যদি ঝড় ও বৃষ্টি হয় তাহলে ধানের ব্যাপক ক্ষতি হয়ে যাবে|
উপজেলার প্রত্যন্ত অঞ্চল ঘুরে দেখা যায়, নিচু জমির হেলে পড়া ধান কেটে বাড়িতে নিচ্ছেন কৃষকরা|
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, ধান ৮০ ভাগ পেকে গেলে হেলে পড়া অবস্থায় কাটা হলে ক্ষতি হয় না, ধান চিটাও হয় না|










































