মিলি রহমান।।
তরমুজ খাওয়ার পর সাধারণত আমরা এর খোসা ফেলে দিই। কিন্তু জানেন কি, এই ফেলে দেওয়া খোসা দিয়েই ঘরে সহজে তৈরি করা যায় মজার এক মিষ্টি খাবার, টুটিফ্রুটি। কেক, আইসক্রিম, ডেজার্ট বা বেকিংয়ের নানা রেসিপিতে এটি ব্যবহার করা হয়। ঘরে থাকা সহজ উপকরণ দিয়েই তৈরি করা যায় এই রঙিন ও সুস্বাদু টুটিফ্রুটি। নিচে ধাপে ধাপে রেসিপিটি দেওয়া হলো।
উপকরণ
তরমুজের খোসা (সাদা অংশ) প্রয়োজন মতো, পানি প্রয়োজন অনুযায়ী, চিনি ৩ কাপ, পানি দেড় কাপ, কেওড়া জল কয়েক ফোঁটা এবং লাল, সবুজ ও কমলা ফুড কালার প্রয়োজনমতো।
প্রস্তুত প্রণালী
প্রথমে তরমুজের খোসা ছিলে নিন। খোসার সবুজ অংশ বাদ দিয়ে শুধু সাদা অংশ ব্যবহার করতে হবে। এরপর ছোট ছোট কিউব আকারে কেটে আলাদা করে রাখুন (প্রায় আধা কেজি)।
একটি পাত্রে পানি নিয়ে ফুটতে দিন। পানি ফুটে উঠলে তরমুজের কিউবগুলো দিয়ে দিন। মাঝারি আঁচে ১০-১২ মিনিট ঢেকে রান্না করুন। এরপর পানি ঝরিয়ে আলাদা করে রাখুন।
এবার আরেকটি পাত্রে চিনি ও পানি নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। চিনি গলে সিরা তৈরি হলে এতে কেওড়া জল ও সেদ্ধ তরমুজের কিউবগুলো দিন। ভালোভাবে মিশিয়ে নেড়ে নিন। তারপর ঢেকে কম আঁচে আরও ২০-২৫ মিনিট রান্না করুন।
রান্না হয়ে গেলে মিশ্রণটি তিনটি আলাদা বাটিতে ভাগ করে নিন। প্রতিটি বাটিতে আলাদা আলাদা ফুড কালার দিন। একটিতে লাল, একটিতে সবুজ এবং আরেকটিতে কমলা। ভালোভাবে মিশিয়ে ৫-৬ ঘণ্টা অথবা সারা রাত ভিজিয়ে রাখুন।
এরপর অতিরিক্ত সিরা ঝরিয়ে রেখে দিন শুকানোর জন্য। কিছুক্ষণ বাতাসে শুকিয়ে নিন। পুরোপুরি শুকিয়ে গেলে টুটিফ্রুটি আর চিটচিটে থাকবে না। এরপর তিন রঙ একসঙ্গে মিশিয়ে নিন।
ঘরে তৈরি এই টুটিফ্রুটি এয়ারটাইট বক্সে রেখে দিলে প্রায় ৬ মাস পর্যন্ত ভালো থাকে। চাইলে ফ্রিজেও সংরক্ষণ করা যায়।
তরমুজের মতো সাধারণ একটি ফলের খোসা দিয়েই যে এমন রঙিন ও মজার খাবার তৈরি করা যায়, তা অনেকেই জানেন না। একটু সময় আর সহজ কিছু উপকরণ থাকলেই ঘরেই তৈরি করা যায় সুস্বাদু টুটিফ্রুটি। এগুলো কেক ও ডেজার্টে বাড়তি স্বাদ যোগ করে।










































