Home বিনোদন প্রমাণের অভাবে ১০ বছরের মামলায় হারলেন তামান্না

প্রমাণের অভাবে ১০ বছরের মামলায় হারলেন তামান্না

2

বিনোদন ডেস্ক।।

দীর্ঘ এক দশকের আইনি লড়াইয়ের পর অবশেষে আদালতে হেরে গেলেন বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। সাবান প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘পাওয়ার সোপস লিমিটেড’র বিরুদ্ধে দায়ের করা ১ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা খারিজ করে দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট।

আদালত জানিয়েছে, ’অভিযোগের পক্ষে পর্যাপ্ত ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন এই অভিনেত্রী। ফলে তার করা মানহানির মামলাটি টেকেনি।’

২০০৮ সালে ‘পাওয়ার সোপস লিমিটেড’র সঙ্গে এক বছরের বিজ্ঞাপনী চুক্তি করেন তামান্না। সেই চুক্তি অনুযায়ী, ২০০৯ সালের অক্টোবর পর্যন্ত তার সিনেমা পণ্যের বিজ্ঞাপনে ব্যবহারের অনুমতি ছিল। তবে তামান্নার অভিযোগ, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও ২০১০-১১ সালে তার ছবি বেআইনিভাবে পণ্যের মোড়ক ও অনলাইন প্ল্যাটফর্মে ব্যবহার করা হয়।

এই অভিযোগের ভিত্তিতে তিনি সংস্থাটির বিরুদ্ধে ১ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেন। তার দাবি ছিল, এতে তার পেশাগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্য ব্র্যান্ডের সঙ্গে চুক্তিতেও সমস্যা তৈরি হয়েছে।

মামলাটি খতিয়ে দেখে মাদ্রাজ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আগের রায় বহাল রাখে।

বিচারপতিরা বলেন- জমা দেওয়া ‘প্রোডাক্ট র্যাপার’ বা রসিদ প্রমাণ হিসেবে যথেষ্ট নয়। সংশ্লিষ্ট ছবি বা ই-কমার্স তালিকার সঙ্গে সংস্থার সরাসরি সম্পৃক্ততা প্রমাণিত হয়নি। শুধুমাত্র অনুমানের ভিত্তিতে বড় অংকের ক্ষতিপূরণ দাবি গ্রহণযোগ্য নয়। নতুন করে আলোচনায় ‘ইমেজ রাইটস’।

এই রায়ের পর আবারও আলোচনায় এসেছে সেলিব্রিটিদের ‘ইমেজ রাইটস’ বা ছবির বাণিজ্যিক ব্যবহারের বিষয়টি। আদালতের এই পর্যবেক্ষণ স্পষ্ট করে দিয়েছে-আইনি লড়াইয়ে জিততে হলে অভিযোগের পাশাপাশি শক্ত প্রমাণও জরুরি।

এদিকে মামলায় হারলেও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তামান্না। তামিল, তেলুগু ও হিন্দি-তিন ইন্ডাস্ট্রিতেই তার হাতে রয়েছে একাধিক প্রজেক্ট। সংশ্লিষ্টদের মতে, এই অভিজ্ঞতা ভবিষ্যতে চুক্তির ক্ষেত্রে আরও সতর্ক করে তুলবে এই অভিনেত্রীকে।