Home আন্তর্জাতিক ট্রাম্পকে আমি ভয় পাই না: পোপ লিও

ট্রাম্পকে আমি ভয় পাই না: পোপ লিও

2

আন্তর্জাতিক ডেস্ক।।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা সমালোচনার জবাব দিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। ট্রাম্প প্রশাসনকে ভয় না পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেছেন, খ্রিস্টধর্মের মূলবার্তার ওপর ভিত্তি করেই ভ্যাটিকান শান্তির আহ্বান জানিয়েছে।

আলজেরিয়া সফরের সময় একটি বিশেষ উড়াজাহাজে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) পোপ বলেন, ‘আমি ট্রাম্পের এমন মন্তব্যে দুঃখিত। তবে বিশ্বজুড়ে গির্জার যে লক্ষ্য আছে, আমি তা অব্যাহত রাখব।’ তিনি আরও বলেন, ‘বিশ্বজুড়ে চলা সংঘাতের সমালোচনা করাটা ট্রাম্প বা কোনো বিশেষ ব্যক্তির ওপর সরাসরি আক্রমণ নয়।’

ইতিহাসের প্রথম আমেরিকান বংশোদ্ভূত এই পোপ আরও বলেন, ‘আমি কোনো বিতর্কে জড়াব না। আমি যা বলি তা কাউকে আক্রমণ করার জন্য নয়। যখনই যুদ্ধ এড়ানোর সুযোগ থাকবে, আমি তা কাজে লাগানোর আহ্বান জানাব।’ আলজেরিয়াগামী ফ্লাইটে অন্য সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পোপ লিও দৃঢ়কণ্ঠে বলেন, ‘ট্রাম্প প্রশাসনকে নিয়ে আমার কোনো ভয় নেই।’

এর আগে গত রবিবার পোপকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। বলেন, তিনি মনে করেন না ‘পোপ খুব একটা ভালো কাজ’ করছেন। তাঁর উচিত ‘কট্টর বামপন্থিদের’ খুশি করার চেষ্টা বন্ধ করা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, তিনি পোপ লিও’র ভক্ত নন।

ট্রাম্পের এই সমালোচনার আগে গত সপ্তাহে ইরান যুদ্ধ নিয়ে পোপ লিও বলেছিলেন, ‘অসীম শক্তির অধিকারী হওয়ার মোহ ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধকে উসকে দিচ্ছে।’

এপি লিখেছে, পোপ এবং প্রেসিডেন্টের মতাদর্শিক পার্থক্য থাকা অস্বাভাবিক কিছু নয়। তবে কোনো পোপের পক্ষ থেকে সরাসরি মার্কিন নেতার সমালোচনার ঘটনা অত্যন্ত বিরল। ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরুকে ঘিরে ট্রাম্পের আক্রমণাত্মক মন্তব্যও নজিরবিহীন।