ঢাকা অফিস ।।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বাংলা নববর্ষ উদযাপন এবার নগর ভবনের পরিবর্তে ঐতিহাসিক আহসান মঞ্জিলে করবে।
মঙ্গলবার (৭ এপ্রিল) নগর ভবনের মিলনায়তনে আয়োজিত সভায় পহেলা বৈশাখের সার্বিক প্রস্তুতি নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম উৎসবমুখর পরিবেশে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে উদযাপন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল বিভাগের সমন্বিত কার্যক্রমের নির্দেশ দেন। সভায় আহসান মঞ্জিলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব অনুমোদিত হয়।
নববর্ষ উপলক্ষে অতিথি আপ্যায়নের জন্য পান্তা–ইলিশের পরিবর্তে বিভিন্ন ধরনের ভর্তা ও দেশীয় খাবারের আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া মঞ্চ নির্মাণ ও সাজসজ্জায় জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করা হবে।
ডিএসসিসির সব বিভাগের কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।








































