ঢাকা অফিস।।
আওয়ামী লীগের আমলে গুমের ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দেয়া হয়েছে। সাবেক যুবদল নেতা মশিউর রহমান মামুন এ অভিযোগ জমা দেন। সোমবার (৬ এপ্রিল) দুপুরে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের কাছে তিনি এ অভিযোগ জমা দেন।
অভিযোগে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকেও অভিযুক্ত করা হয়। তবে সবার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
মশিউর রহমান বলেন, ’২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি গুমের শিকার হন। ওই দিন ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংকক যাওয়ার পথে সাদা পোশাকের পুলিশ তাকে নিয়ে যায়। হাতে হাতকড়া ও চোখে ব্লাইন্ড ফোল্ডেড অবস্থায় ছয় মাস আটকে রাখা হয়। একই বছরের ২৩ আগস্ট ডিবি হেফাজতে গারদে নেওয়া হয়। এর দু-একদিন পর আদালতে তুলে দুই দফা রিমান্ড শেষে প্রায় দুই বছর ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। এরপর উচ্চ আদালতের জামিনে বের হয়ে আসেন এই নেতা।’
এদিকে, কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবীরা। পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য ১২ ও ১৩ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল-২।










































