ঢাকা অফিস।।
সরকার ইলিশের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিচ্ছে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, ইলিশের সরবরাহ বাড়লে দাম কমবে। সাধারণ মানুষের নাগালে ইলিশের দাম চলে আসবে।
সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ’ইলিশ সম্পদ সংরক্ষণ ও বাড়াতে আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ শুরু হচ্ছে। এটি চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। দেশের ২০টি জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন হবে। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠান হবে চাঁদপুরে।’
জাটকা আহরণ ক্রয়-বিক্রি ও মজুত করা থেকে জনসাধারণকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ’সবাইকে সচেতন হতে হবে। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চলবে।’
ভারতে ইলিশ পাঠানো প্রসঙ্গে মন্ত্রী জানান, স’রকার কোনো ইলিশ রপ্তানি করে না। ভারতে যা পাঠানো হয়; তা সৌজন্যমূলক। এবার পহেলা বৈশাখে ভারতে ইলিশ পাঠানো হবে কিনা সেটা সরকার প্রধান বা প্রধানমন্ত্রী তারেক রহমান সিদ্ধান্ত নেবেন।’










































