Home আঞ্চলিক খুলনায় ‘স্বাধীনতা বইমেলা’ আয়োজনের উদ্যোগ: অনুমতি চেয়ে আবেদন, আলোচনায় ‘স্বাধীনতা একাডেমি’

খুলনায় ‘স্বাধীনতা বইমেলা’ আয়োজনের উদ্যোগ: অনুমতি চেয়ে আবেদন, আলোচনায় ‘স্বাধীনতা একাডেমি’

30

স্টাফ রিপোর্টার।।

খুলনা নগরীতে ‘স্বাধীনতা বইমেলা’ আয়োজনের উদ্যোগ নিয়েছে ‘স্বাধীনতা একাডেমি’ নামের একটি সংগঠন। এ উপলক্ষে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার চত্বরে এক মাসব্যাপী বইমেলা আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জরুরি অনুমতি ও সার্বিক সহযোগিতা চেয়ে আবেদন করা হয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী ১০ এপ্রিল থেকে ৯ মে ২০২৬ পর্যন্ত বয়রা এলাকায় অবস্থিত বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে বইমেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এ বইমেলার আয়োজন করা হচ্ছে।

আবেদনপত্রে আরও বলা হয়, ‘স্বাধীনতা একাডেমি’ ১৯৯০ সাল থেকে দেশের বিভিন্ন জেলায় বিশেষ দিবসকে কেন্দ্র করে ৭ থেকে ৩০ দিনব্যাপী বইমেলার আয়োজন করে আসছে। সংগঠনটির দাবি, বই পড়ার মাধ্যমে জ্ঞানচর্চা বৃদ্ধি ও শিক্ষিত জাতি গঠনের লক্ষ্যেই তাদের এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তবে স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে—এই ‘স্বাধীনতা একাডেমি’ আসলে কোন ধরনের সংগঠন, তাদের সাংগঠনিক কাঠামো ও কার্যক্রম কতটা নিয়মতান্ত্রিক, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট অনেকেই সংগঠনটির নিবন্ধন, পূর্বের কার্যক্রম এবং প্রশাসনিক অনুমোদন নিয়ে জানতে আগ্রহ প্রকাশ করেছেন।

এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক প্রিল মাহমুদ ও সভাপতি জাকির হুসাইন স্বাক্ষরিত আবেদনপত্রে দ্রুত অনুমোদন চাওয়া হয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। অনুমতি মিললে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বইমেলা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সচেতন মহল বলছে, বইমেলা নিঃসন্দেহে একটি ইতিবাচক সাংস্কৃতিক উদ্যোগ হলেও আয়োজনকারী সংগঠনের স্বচ্ছতা, অনুমোদন ও সার্বিক প্রস্তুতি যাচাই করাও জরুরি।