Home আঞ্চলিক সাত বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ

সাত বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ

9

ডুমুরিয়া প্রতিনিধি।।

খুলনার ডুমুরিয়ায় সিংগা নদীর ওপর মাত্র ৬০ মিটার দৈর্ঘ্যের একটি সেতুর নির্মাণকাজ শেষ হয়নি সাত বছরেও।

এক বছরে নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও কয়েক দফা মেয়াদ বাড়িয়ে ৪৫ শতাংশ কাজ হয়েছে। এতে প্রকল্প বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন এলাকাবাসী।

স্থানীয়দের ভাষ্য, উপজেলার খর্নিয়া ইউনিয়নের সিংগা নদীর ওপর সেতু নির্মাণে ৩৬ বছর ধরে দাবি জানিয়ে আসছিলেন দুই পারের টিপনা, সিংগা গ্রামসহ পার্শ্ববর্তী এলাকার মানুষ। ২০১৮ সালে উপজেলার ছয়টি ইউনিয়নের দেড় লাখ বাসিন্দার যাতায়াত সহজ করতে সিংগা নদীতে একটি সেতু নির্মাণের প্রকল্প নেয় সরকার।

উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, ৬০ মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণে ব্যয় ধরা হয় সাত কোটি ১৮ লাখ টাকা। ২০১৮ সালের ৬ ডিসেম্বর কার্যাদেশ দেওয়া হয়। প্রকল্পের কাজ পায় আকন ট্রেডিং ও মাহফুজ খান (জেভি) নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০১৯ সালে ১২ ডিসেম্বরের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করার সময় বেঁধে দেওয়া হয়। গত কয়েক বছরে দফায় দফায় মেয়াদ বাড়ানো হলেও কাজ সম্পন্ন হয়েছে মাত্র ৪৫ শতাংশ।

গত বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, সিংগা নদীতে কিছু অংশ পাইলিং ও উত্তর-দক্ষিণ পাশে কিছু অংশে ঢালাইয়ের কাজ করা হয়েছে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় ব্যবহৃত রডে মরিচা ধরেছে। সেতু নির্মাণকাজের সঙ্গে যুক্ত শ্রমিক বা ঠিকাদারের কোনো লোক সেখানে দেখা যায়নি। ঢিমেতালে কাজের কারণে প্রকল্পটি নিয়ে হতাশা জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা রায়হান উদ্দিন, প্রকাশ কুমার রায় ও আব্দুল আজিজ জানান, প্রথম দিকে পাইলিংসহ সেতুর কিছু কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর হঠাৎ কাজ বন্ধ করে চলে যায় ঠিকাদারের লোকজন। কাজ বন্ধ থাকায় রোদ-বৃষ্টিতে সেতুর রডে মরিচা ধরেছে। অনেক দিন প্রকল্প এলাকায় আসছে না ঠিকাদারের লোকজন। দীর্ঘদিনেও কাজটি শেষ না হওয়ায় এলাকাবাসী দুর্ভোগ পোহাচ্ছেন।

টিপনা গ্রামের বাসিন্দা শেখ আফজাল হোসেন, পরিতোষ কুমার বিশ্বাস ও শ্যামল কুমার রায় জানান, গ্রামবাসীর অর্থায়নে সেতুর পূর্বপাশ ঘেঁষে কিছু বাঁশ ও কাঠের তক্ত বিছিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন গ্রামবাসী। বেশির ভাগ মানুষ ডিঙ্গি নৌকায় পারাপার ও বিভিন্ন পণ্য বহন করছেন।

সিংগা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক গণেশ রায় বলেন, বর্ষা মৌসুমে এ এলাকায় ডিঙ্গি নৌকাই একমাত্র ভরসা। সে সময় ভোগান্তির শেষ থাকে না। বিশেষ করে কোমলমতি শিশুদের ঝুঁকি নিয়ে ডিঙ্গি নৌকায় পারাপার হয়ে স্কুলে যাতায়াত করতে হয়। এতে অভিভাবকদের দুশ্চিন্তায় থাকতে হয়।

সিংগা গ্রামের গৃহবধূ প্রমীলা রানী ও কমলা রানী বিশ্বাস বলেন, গ্রামের কেউ অসুস্থ হলে তাঁকে নৌকায় পার করে হাসপাতালে নিতে হয়। এতে অনেক সময় রোগীর জীবন বাঁচানোই কঠিন হয়ে পড়ে।

প্রকল্প বাস্তবায়ন বিলম্বিত হওয়ায় সংশ্লিষ্টদের শাস্তি দাবি করেছেন আঙ্গারদহ, টিপনা ও খর্নিয়া গ্রামের আবুল হোসেন, জিন্নাত আলী ফকির, নমিতা সরকার, রফিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, আবুল হাছান, হাসনাত আব্দুল্লাহ প্রমুখ। তারা বলেন, দীর্ঘদিন কাজ ফেলে রাখায় দুর্ভোগের পাশাপাশি উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন এলাকাবাসী। এ ব্যর্থতার দায়ে সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনা উচিত।

খর্নিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোল্লা আবুল কাশেমের ভাষ্য, সেতুটি নির্মাণ হলে বিপুল মানুষের জীবনযাত্রার মান পাল্টে যেত। বিশেষ করে কৃষক ও মৎস্য চাষিরা বেশি উপকৃত হতেন।

বক্তব্য জানতে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার প্রলয় সরকারের ব্যক্তিগত নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।

প্রকল্পটির কাজ সম্পন্ন না হওয়ায় ফান্ড সংকট ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করেছেন উপজেলা প্রকৌশলী মুহাম্মদ দবিরুল হুদা।

তিনি বলেন, দীর্ঘদিন কাজ বন্ধ রাখায় কয়েক দফা ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিলের চিঠি দেওয়া হয়েছে। চিঠি পেয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান যোগাযোগ করে। এরপর ঠিকাদারি প্রতিষ্ঠান আর কাজ করে না। শিগগির ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি বলেন, জনদুর্ভোগ লাঘবে সিংগা নদীর ওপর সেতু নির্মাণের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।