।।খবর বিজ্ঞপ্তি।।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে খুলনা বিএনপি নেতৃবৃন্দ সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন। তারা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
শুক্রবার (২০ মার্চ) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত এক শুভেচ্ছা বার্তায় খুলনাবাসীসহ সমগ্র দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দ এ আহ্বান জানান। তারা দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন এবং সবাই যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে—সে প্রত্যাশা ব্যক্ত করেন।
শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে পবিত্র ঈদ-উল-ফিতর আমাদের মাঝে ফিরে এসেছে। ঈদ আমাদেরকে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনন্য শিক্ষা দেয়। এই শিক্ষা ধারণ করে সমাজের সকল স্তরের মানুষকে একসাথে এগিয়ে যেতে হবে।
তারা আরও বলেন, ঈদের আনন্দ ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জীবনে অনাবিল সুখ ও শান্তি বয়ে আনুক—এই কামনাই তাদের। একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
বিবৃতিদাতাদের মধ্যে ছিলেন জাতীয় সংসদের হুইপ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগার লবি, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান বাপ্পীসহ অন্যান্য নেতৃবৃন্দ।











































