Home খেলাধুলা টেবিল টেনিসের কিংবদন্তি জোবেরা রহমান লিনু পাচ্ছেন স্বাধীনতা পদক

টেবিল টেনিসের কিংবদন্তি জোবেরা রহমান লিনু পাচ্ছেন স্বাধীনতা পদক

11


স্পোর্টস ডেস্ক।।

দেশের কিংবদন্তি টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু ২০২৬ সালের স্বাধীনতা পদকের জন্য মনোনীত হয়েছেন । বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বছরের স্বাধীনতা পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করে।

চলতি বছর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ মোট ২০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদকের জন্য মনোনীত করা হয়েছে। তাদের মধ্যে ক্রীড়া ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পাচ্ছেন লিনু।

জোবেরা রহমান লিনু ১৯৬৫ সালে রাঙ্গামাটির কাপ্তাইয়ে জন্মগ্রহণ করেন। অল্প বয়সেই তি টেবিল টেনিসে নিজের প্রতিভার পরিচয় দেন। বাবার অনুপ্রেরণায় সিলেটের শাহাজীবাজার অফিসার্স ক্লাবে মাত্র ৮ বছর বয়সে টেবিল টেনিস খেলা শুরু করেন তিনি। ১৯৭৭ সালে ১২ বছর বয়সে প্রথমবার জাতীয় চ্যাম্পিয়ন হন।

এরপর ১৯৭৯ থেকে ২০০১ সাল পর্যন্ত মোট ১৬ বার জাতীয় মহিলা সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হয়ে দেশের টেবিল টেনিসে অনন্য এক রেকর্ড গড়েন লিনু।

এই অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে তার নাম অন্তর্ভুক্ত হয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। দীর্ঘ ১৮ বছর তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স স্পোর্টস ক্লাবের হয়ে খেলেছেন। টেবিল টেনিসে অবদানের জন্য ১৯৯৯ সালে তিনি জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করেন। আন্তর্জাতিক পর্যায়েও তিনি সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

১৯৮০ সালে এশিয়ান টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে পঞ্চম স্থান অর্জন করেন এবং ১৯৮২ সালে ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত পেন্টাঙ্গুলার চ্যাম্পিয়নশিপে মিক্সড ডাবলসে রানার্স-আপ হন।

এ ছাড়া ১৯৭৭ ও ২০০০ সালে ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন আয়োজিত বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন তিনি।

খেলোয়াড়ি জীবন শেষে বিভিন্ন ক্রীড়া সংগঠনের দায়িত্বও পালন করেছেন লিনু। তিনি বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সহ-সভাপতি এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাথলেট কমিশনের চেয়ারম্যান ছিলেন।