Home আঞ্চলিক খুলনায় ২২ দিনের শিশু হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার

খুলনায় ২২ দিনের শিশু হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার

13


স্টাফ রিপোর্টার
খুলনার দিঘলিয়ায় মাত্র ২২ দিনের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বাবা নাহিদুর রহমান শেখকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামে মাটিচাপা অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। অভিযুক্ত নাহিদুর রহমান শেখ দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি গ্রামের মাসুদুর রহমান শেখের ছেলে। পুলিশ ও প্রতিবেশীরা জানায়, প্রায় দেড় বছর আগে দিঘলিয়ার লাখোহাটি গ্রামের মিজানুর রহমানের মেয়ে মুর্শিদা আক্তার মৌয়ের সঙ্গে সেনহাটির নাহিদুরের বিয়ে হয়। গত ২২ দিন আগে তাদের একটি ছেলেসন্তান হয়। তার নাম রাখা হয় মোনতাসির শেখ। সন্তান জন্মের পর মৌ লাখোহাটি গ্রামে বাবার বাড়িতে ছিলেন।
গত ২ মার্চ বিকেলে নাহিদুর শ্বশুরবাড়ি বেড়াতে যান। পরের দিন (৩ মার্চ) সকালে ছেলেকে কোলে নিয়ে ঘরের বাইরে বের হয় নাহিদুর। এরপর কোনো এক সময় শিশুটিকে হত্যা করে পাশের বাড়ির পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংকের ভেতর মাটিতে পুঁতে রাখেন। পরে নাহিদুর তার স্ত্রীকে জানান ছেলেকে তাদের বাড়িতে রেখে এসেছেন। স্ত্রীকে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে নাহিদুল মোটরসাইকেলে তুলে ঢাকার দিকে রওনা দেন। পরে স্ত্রীকে জানান, ফরিদপুরে গেলে ছেলেকে পাওয়া যাবে। কিন্তু ফরিদপুরের কাছাকাছি গেলে নাহিদুর অসুস্থ বোধ করলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরে কিছুটা সুস্থ হওয়ার পর নাহিদুল পালানোর চেষ্টা করেন। এ সময় তার স্ত্রী মৌ চিৎকার করে বলেন তার স্বামী তাদের ছেলেকে হত্যা করেছেন। এরপর হাসপাতালের নার্স ও কর্মচারীরা নাহিদুলকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে দিঘলিয়া থানা পুলিশ সেপটিক ট্যাংকের ভেতর মাটিতে পুঁতে রাখা অবস্থায় শিশু মোনতাসির শেখের লাশ উদ্ধার করে। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের কারণে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত নাহিদুর হত্যার বিষয়টি স্বীকার করলেও এখনো কারণ বলছে না। শিশুটির লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হয়েছে বলে ওসি জানান।