সাতক্ষীরা প্রতিনিধি।।
উপকূলীয় জেলা সাতক্ষীরায় শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৪ মাত্রার মাঝারি ধরনের ভূমিকম্পে কেঁপে ওঠে জনপদ। কয়েক সেকেন্ডের তীব্র কম্পনে শহর থেকে গ্রাম—সবখানেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। অনেকেই ঘরবাড়ি ও দোকানপাট ছেড়ে খোলা স্থানে আশ্রয় নেন। বিভিন্ন এলাকায় ভবনের দেওয়ালে ফাটল দেখা গেছে। তালা উপজেলায় একটি মাটির ঘর আংশিক ধসে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আশাশুনির আনুলিয়ায়। উপকূলীয় অঞ্চলে এ মাত্রার ভূমিকম্প তুলনামূলকভাবে অস্বাভাবিক হলেও এটিকে মাঝারি মাত্রার কম্পন হিসেবে বিবেচনা করা হচ্ছে। সম্ভাব্য আফটারশক পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
নামাজের ভেতরেই দাঁড়িয়ে রইলেন আকবর আলী: জীবনে প্রথমবার এত তীব্র ভূমিকম্প অনুভব করেন সদর উপজেলার সুলতানপুর গ্রামের ৭৫ বছর বয়সী আকবর আলী। জুমার নামাজের পর মসজিদে সুন্নত নামাজরত অবস্থায় হঠাৎ চারপাশ কেঁপে উঠলে অনেকে আতঙ্কে বেরিয়ে গেলেও তিনি দাঁড়িয়ে থাকেন। আকবর আলী বলেন, “ভয় তো লাগছিল খুব। মনে হচ্ছিল মসজিদের দেয়াল ভেঙে পড়বে। কিন্তু ভাবলাম, যদি নামাজের মধ্যে মৃত্যু হয়, আল্লাহ হয়তো জান্নাত নসিব করবেন। তাই সেখান থেকে নড়িনি। পরে দেখি কম্পন থেমে গেছে। জীবনে এমন তীব্র ভূমিকম্প দেখিনি।”
‘ফ্যান দুলছিল, আলমারি কাঁপছিল’: সদরের মুনজিৎপুর এলাকার বাসিন্দা শাহাজাহান বলেন, “হঠাৎ দেখি ফ্যান দুলছে, আলমারি কাঁপছে। বুঝতে পারলাম ভূমিকম্প। মনে হচ্ছিল মাটি নিচ থেকে সরে যাচ্ছে।”
একই এলাকার রাজু বলেন, “প্রথমে ভাবছিলাম মাথা ঘুরছে। পরে দেখি সবাই দৌড়াচ্ছে। বাচ্চাদের নিয়ে রাস্তায় চলে আসি। কয়েক সেকেন্ড হলেও মনে হচ্ছিল অনেকক্ষণ।” কাটিয়া এলাকার মানিক বলেন, “ঘূর্ণিঝড় দেখেছি, জলোচ্ছ্বাস দেখেছি; কিন্তু মাটি কাঁপার অভিজ্ঞতা এই প্রথম। ঘর ভেঙে পড়বে ভেবে পরিবার নিয়ে বাইরে বেরিয়ে পড়েছিলাম।”
গৃহিণী মাসুদা বেগম জানান, “চুলায় ভাত বসানো ছিল। হঠাৎ ঘর কাঁপতে শুরু করলে কিছুই বুঝিনি। শুধু বাচ্চাদের নিয়ে বাইরে দৌড়েছি। এখনো ভয় কাটেনি।” ১২ বছর বয়সী শোয়াইব জানায়, “নামাজ পড়ে বাসায় আসার পর টেবিল কাঁপতে লাগল। খুব ভয় পেয়েছি। মনে হচ্ছিল ঘর ভেঙে পড়বে।”
উপকূলে নতুন শঙ্কা: ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে অভ্যস্ত সাতক্ষীরাবাসীর কাছে এমন ভূকম্পন নতুন আতঙ্ক তৈরি করেছে। কিছুদিন আগে কলারোয়ায় ৪ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। পরপর কম্পনে উদ্বেগ আরও বেড়েছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রাসেল বলেন, “দুপুর ১টা ৫২ মিনিটে ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়। এর স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিষয়টি কেন্দ্রীয় দপ্তরে জানানো হয়েছে।”
বড় ক্ষয়ক্ষতির খবর নেই: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাতক্ষীরা স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, ভূমিকম্পের পর জেলার বিভিন্ন স্টেশন থেকে তাৎক্ষণিক খোঁজ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের প্রাণহানি বা ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কিছু এলাকায় ভবনের দেওয়ালে ফাটলের তথ্য পাওয়া গেছে, সেগুলো পরিদর্শন করা হচ্ছে। তিনি বলেন, “তালা উপজেলায় একটি মাটির ঘর আংশিক ধসে কয়েকজন আহত হয়েছেন। স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।” সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে খোলা স্থানে অবস্থান নেওয়া, গুজব না ছড়ানো এবং ঝুঁকিপূর্ণ ভবনে প্রবেশ না করার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস। উপকূলীয় এ জেলায় মাঝারি মাত্রার ভূমিকম্প নতুন এক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে—প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা জনপদে এখন প্রয়োজন সচেতনতা, প্রস্তুতি ও নিরাপদ অবকাঠামো নিশ্চিত করা।











































