স্টাফ রিপোর্টার
খুলনায় পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছেন ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন (৩৫)। তাকে দ্রুত উদ্ধারের দাবিতে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয় খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়।
নিখোঁজ সুজন হলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের জামাতা।
সংবাদ সম্মেলনে সুজনের বাবা কাজী আব্দুস সোবহান জানান, গত ২১ ফেব্রুয়ারি ইফতার শেষে নিজ বাসভবনে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে সুজন পুলিশ লাইন মসজিদে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হন। তিনি নিয়মিত নামাজ আদায় করতেন বলেও জানান পরিবার।
নামাজ শেষে প্রায় আধাঘণ্টা পর মসজিদ থেকে বের হওয়ার দৃশ্য সিসিটিভি ফুটেজে দেখা গেলেও এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। ফুটেজে দেখা যায়, মসজিদ থেকে বের হয়ে কিছুক্ষণ সামনে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন তিনি। তারপর হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। পরিবারের দাবি, আশপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা করা হলেও অনেক ক্যামেরা অকার্যকর থাকায় তার পরবর্তী অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

কাজী আব্দুস সোবহান বলেন, “সেই রাতেই আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হয়। কোনো সন্ধান না পেয়ে পরদিন ২২ ফেব্রুয়ারি খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এছাড়া পুলিশ, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। কিন্তু এখনও আমার ছেলের কোনো খোঁজ পাওয়া যায়নি।”
তিনি আরও জানান, তার একমাত্র ছেলে সুজন কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং তার বিরুদ্ধে কোনো মামলা বা শত্রুতাও নেই। পরিবারের ব্যবসা-বাণিজ্যের দেখভাল করতেন তিনি। ২০২৩-২৪ অর্থবছরে খুলনার সর্বোচ্চ করদাতা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। “এমন একজন সুনামধন্য ব্যবসায়ী হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়া অত্যন্ত রহস্যজনক,” বলেন আব্দুস সোবহান।
ছেলের অনুপস্থিতিতে পরিবারের অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি জানান, সুজনের মা অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন। স্ত্রী একমাত্র পাঁচ বছরের সন্তানকে নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন। বাবাকে না পেয়ে শিশুটি ক্রমাগত কাঁদছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে সুজনের মা, স্ত্রী ও একমাত্র সন্তান উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে দ্রুত তদন্ত সাপেক্ষে তাকে উদ্ধারের জোর দাবি জানানো হয়েছে।











































