স্টাফ রিপোর্টার।।
পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতরকে সামনে রেখে খুলনায় ব্যবসায়ী-ক্রেতাদের কেনাকাটার ব্যস্ততা বেড়েছে। নগরীর মার্কেট, বিপণিবিতান, টার্মিনাল ও সড়কগুলোতে বেড়েছে মানুষের ভিড়। তবে এই বাড়তি ব্যস্ততাকে কেন্দ্র করে মাথাচাড়া দিয়ে উঠছে বিভিন্ন অপরাধচক্র। পেশাদার ও মৌসুমি অপরাধীরা সক্রিয় হয়ে ওঠায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
নগরীর নিউমার্কেট, ডাকবাংলা, শিববাড়ি মোড়, সোনাডাঙ্গা, গল্লামারী ও রেলস্টেশন এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সন্ধ্যার পর ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে ছিনতাই, পকেটমার, চুরি ও প্রতারণার ঘটনা বাড়ছে বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে ইফতারের আগে ও পরে ভিড়ের সুযোগ নিয়ে মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা জানান, রমজান ও ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই কিছু অপরাধচক্র সক্রিয় হয়ে ওঠে। এর মধ্যে ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টি, জালনোট কারবারি ও টিকিট কালোবাজারিদের তৎপরতা বেড়ে যায়। এছাড়া বিভিন্ন ছদ্মবেশি প্রতারক চক্র বাস টার্মিনাল ও জনবহুল এলাকায় সাধারণ মানুষকে টার্গেট করে প্রতারণা করছে।
অন্যদিকে অসাধু ব্যবসায়ীদের একটি অংশ অধিক মুনাফার আশায় ভেজাল খাদ্যপণ্য বাজারজাত করছে বলে অভিযোগ উঠেছে। ইফতার ও সেহরির খাবারে মান নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর গুরুত্বপূর্ণ মার্কেট ও শপিংমলে বাড়তি টহল, সিসিটিভি মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। ।
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারি পুলিশ কমিশনার ত ম রোকনুজ্জামান বলেন, “রমজান ও ঈদ উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কেট ও জনবহুল এলাকায় বাড়তি নজরদারি রয়েছে। কোনো ধরনের সন্দেহজনক তৎপরতা দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হচ্ছে।”
সচেতন মহল মনে করছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে। নগদ অর্থ বহনে সতর্কতা, অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা প্রস্তাব এড়িয়ে চলা এবং ভিড়ের মধ্যে ব্যক্তিগত সামগ্রী সুরক্ষিত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
রমজানের পবিত্রতা ও ঈদের আনন্দ যেন অপরাধচক্রের কারণে ম্লান না হয়-সে লক্ষ্যেই খুলনায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।











































