স্টাফ রিপোর্টার।।
খুলনা নগরীতে সালাম গাজী (৩৬) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করে নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বাগমারা ব্যাংকার্স গলির সামনে হাওড়া ব্রিজের ওপর এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
আহত সালাম গাজী লবণচরা থানাধীন রিয়া বাজার এলাকার বাসিন্দা ইব্রাহীম গাজীর ছেলে। হামলাকারীরা তার ডান হাতে পরপর দুটি কোপ দিয়ে সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় সালাম গাজী ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় দুই দুর্বৃত্ত অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।
লবণচরা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকের টাকার বিরোধকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, আহত ব্যক্তি মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন এবং একই এলাকার প্রতিদ্বন্দ্বী চক্রের সদস্যদের হাতে তিনি হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন।
ঘটনার পরেও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে এবং তদন্তে সুনির্দিষ্ট তথ্য মিললে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নগরীতে প্রকাশ্যে এ ধরনের হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।










































