স্টাফ রিপোর্টার।।
খুলনা মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ডে সিটি কর্পোরেশনের নির্মিত ঢালাই রাস্তা অনুমতি ছাড়াই কেটে পানির সংযোগ নেওয়ার অভিযোগ উঠেছে ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ ও তার পুত্র হাবিব শেখের বিরুদ্ধে। অভিযুক্ত বাবুল শেখ মৃত উজির শেখের পুত্র। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ওয়ার্ডের নবপল্লীর বাইতুল আকাবা জামে মসজিদ লেন (ঢালাই কারখানা গলি) এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, পাশের আত্মীয়ের বাড়ির সাবমার্সিবল পাম্প থেকে নিজের বাড়িতে পানির সংযোগ নিতে বাবুল শেখ মিস্ত্রি ডেকে আনেন। সংযোগটি রাস্তার ভেতর দিয়ে নেওয়ার জন্য তিনি মিস্ত্রিকে সরকারি ঢালাই রাস্তা কাটার নির্দেশ দেন। পরে রাস্তা কেটে পানির পাইপ স্থাপন করা হয়।

এ কাজে খুলনা সিটি কর্পোরেশন-এর কোনো অনুমতি নেওয়া হয়নি, যা সম্পূর্ণ বেআইনি বলে স্থানীয়রা দাবি করেছেন। সরকারি অর্থে নির্মিত অবকাঠামো এভাবে নষ্ট করায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ঘটনার বিষয়ে অভিযোগ জানানো হলে বিকাল সাড়ে ৩টার দিকে কেসিসির প্রকৌশলী রনির পক্ষে তাঁর সহকারী মো. রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি রাস্তা কাটার আলামত পরিদর্শন করে ছবি ও প্রাথমিক তথ্য সংগ্রহ করেন।
এ বিষয়ে কেসিসির প্রকৌশলী রনি মুঠোফোনে জানান, অনুমতি ছাড়া সরকারি রাস্তা কাটার কোনো বৈধতা নেই। বিষয়টি অবগত হওয়ার পর তাঁর সহকারী ঘটনাস্থল পরিদর্শন করে রিপোর্ট ও আলোকচিত্র সংগ্রহ করেছেন। তবে কার্যদিবসের সময় শেষ হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। পরবর্তী কার্যদিবসে বাবুল শেখের বিরুদ্ধে কেসিসির বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ কিংবা জরিমানা করা হবে বলে তিনি জানান।

অভিযুক্ত বাবুল শেখের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা দ্রুত ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন।










































