স্পোর্টস ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ক্ষেত্রে ‘ফোর্স মাজর’ বা ‘অনিবার্য পরিস্থিতির’ ধারা প্রয়োগের পেছনে বিস্তারিত ব্যাখ্যা দিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অনুরোধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, কলম্বোয় অনুষ্ঠিতব্য ম্যাচটি বয়কটের কারণ হিসেবে সরকারি নির্দেশনার কথা উল্লেখ করে আইসিসিকে ই-মেইল পাঠিয়েছে পিসিবি। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা চলমান রয়েছে এবং সমাধানে আগ্রহী আইসিসি।
‘ফোর্স মাজর’ একটি আইনগত ধারণা, যেখানে কোনো পক্ষের নিয়ন্ত্রণের বাইরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় (যেমন প্রাকৃতিক দুর্যোগ বা যুদ্ধ) দায়িত্ব পালনে অব্যাহতি দেওয়া হয়। আইসিসির ইভেন্ট অংশগ্রহণ চুক্তিতে সরকারি নির্দেশনাকেও ‘ফোর্স মাজর’ হিসেবে গণ্য করা হয়েছে। এ ক্ষেত্রে পাকিস্তান সরকার প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, ১৫ ফেব্রুয়ারি তারা মাঠে নামবে না। পরে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মন্ত্রিসভায় একই কথা বলেন এবং বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার প্রতিবাদে সংহতি প্রকাশের বিষয়টি যুক্ত করেন।
আইসিসির লিখিত জবাবে পিসিবির কাছে জানতে চাওয়া হয়েছে-‘ফোর্স মাজর’ পরিস্থিতি মোকাবিলায় তারা কী ধরনের পদক্ষেপ নিয়েছে, যা সদস্য অংশগ্রহণ চুক্তি (এমপিএ) অনুযায়ী বাধ্যতামূলক। পাশাপাশি কোন শর্তে বৈধভাবে ‘ফোর্স মাজর’ প্রয়োগ করা যায়, ম্যাচ না খেললে তার ক্রীড়া, বাণিজ্যিক ও প্রশাসনিক প্রভাব এবং প্রয়োজনীয় প্রমাণের মানদণ্ডও উল্লেখ করেছে আইসিসি।
এছাড়া বয়কট কার্যকর হলে আইসিসি যে আর্থিক ক্ষতিপূরণ দাবি করতে পারে, সে বিষয়েও পিসিবিকে সতর্ক করা হয়েছে। আইসিসি জানিয়েছে, তারা সংঘাত এড়াতে চায়, তবে সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী গুরুতর চুক্তি লঙ্ঘন হলে সদস্যপদ স্থগিত বা বাতিলের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার ক্ষমতা বোর্ডের রয়েছে।
পিসিবির ভেতরে ধারণা রয়েছে-বিষয়টি যদি বিরোধে গড়ায়, তবে তাদের অবস্থান শক্ত। অতীতে পিসিবি ও বিসিসিআইয়ের একটি দ্বিপক্ষীয় বিরোধের দৃষ্টান্ত টানা হচ্ছে, যেখানে ভারত সরকারের অনুমতি না থাকাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল। যদিও সে মামলায় ক্ষতিপূরণ পায়নি পিসিবি, তবু এটিকে নজির হিসেবে দেখছে তারা।
আইসিসি পরিচালক ইমরান খাজা ও মুবাশির উসমানির মাধ্যমে দুই পক্ষের মধ্যে ব্যাক-চ্যানেল আলোচনা চলছেই। এখনো এ বিষয়ে আইসিসি বা পিসিবি আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।











































