Home Lead প্রতিশ্রুতি-বাস্তবতায় হতাশ খুলনার জেনজি ভোটাররা

প্রতিশ্রুতি-বাস্তবতায় হতাশ খুলনার জেনজি ভোটাররা

40


সৈয়দ হুমায়ুন কবির
খুলনায় জুলাই গণ-অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ নিয়ে তুঙ্গে উঠেছিল প্রত্যাশার পারদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সেগুলোর বাস্তব প্রতিফলন নিয়ে তরুণ ভোটারদের বিশেষ করে জেনারেশন জেড বা জেনজি ভোটারদের মধ্যে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন, প্রতিশ্রুতি ও বাস্তবতার ব্যবধান তাদেরকে হতাশ করেছে। আবার কেউ কেউ নির্বাচনী পরিবেশের কিছু ইতিবাচক পরিবর্তনকে স্বাগত জানাচ্ছেন।
দৌলতপুর বিএল কলেজের শিক্ষার্থী জান্নাতুল বুশরা বলেন, নির্বাচন আসছে আসছে বলতে বলতে; নির্বাচন চলেই এসেছে। সত্যি বলতে এবারের প্রচারণাগুলো গতানুগতিক হলেও সহাবস্থান দেখে ভালো লাগছে। কয়েক মাস আগেও যে ধরনের ভয় পেতাম বর্তমানে তা খুব কম চোখে পড়ছে। এবার অনলাইনের প্রচারণা একটু ভিন্নতা পাচ্ছে যা আগে দেখা যায়নি। জীবনের প্রথম ভোট হিসেবে ভোট যেন ভয়, আতঙ্ক ছাড়া দিতে পারি- সেই প্রত্যাশাই করি।
তিনি আরও বলেন, যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হবেন তারা যেন মানবাধিকারের বুলি না দিয়ে সত্যিকারের মানবাধিকার, নিরাপত্তা ও ইনসাফের এমন এক নিদর্শন দেখাতে পারেন। যাতে কেউ এটি না বলেন- আমার ভোটটা বৃথা গেল।
নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবরিনা তাবাস্সুম লামিয়া বলেন, বাংলাদেশে নির্বাচন মানেই মানুষের মধ্যে একধরনের আশা, আগ্রহ এবং একই সঙ্গে শঙ্কা কাজ করে। কারণ নির্বাচন শুধু ক্ষমতা বদলের প্রক্রিয়া নয়, এটা গণতন্ত্রের বিশ্বাস যোগ্যতার বড় পরীক্ষা। প্রচার-প্রচারণা গত কয়েক বছর থেকে একটু আলাদা মনে হচ্ছে, একেক নির্বাচনী দল একেক ভাবে প্রচারণা চালাচ্ছে। একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যাশা এটাই যে, সুস্থ সুন্দর একটা নির্বাচন যেন হয়। ভোটার যেন ভয় ছাড়া ভোট দিতে পারেন। বিশেষ করে আমাদের মত নতুন ভোটাররা যাতে এবার র্নিবিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে এবং নির্ভয়ে ভোট প্রদান করতে পারে।
দৌলতপুর পাবলা এলাকার বাসিন্দা তিনি বলেন, নির্বাচন কেন্দ্রিক প্রচার-প্রচারণার ক্ষেত্রে বেশকিছু সংস্কার দৃশ্যমান হয়েছে। পোস্টারের কারণে ঐতিহ্যবাহী বিভিন্ন স্থাপনার সৌন্দর্যহানি হতো। যার কারনে খুলনা নগরীর কিছুটা হলেও পরিবেশের সৌর্ন্দয্য রক্ষা পেয়েছে। অনেক প্রার্থীই বনকাগজের নির্বাচনী লিফলেট বিলি করার মতো চমৎকার পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করেছেন। তবে খুলনা এলাকায় বনকাগজের লিফলেট কেউ ব্যবহার করছেন না। সামগ্রিকভাবে একটা সমপ্রীতিমূলক নির্বাচনী পরিবেশ দেখা যাচ্ছে।
তিনি বলেন, প্রত্যাশা নির্বাচন কমিশন স্বাধীন ও স্বচ্ছতা ধরে রেখে কাজ করবে। একজন জেনজি হিসেবে নির্বাচিত সরকারের প্রতি সর্বপ্রথম প্রত্যাশা থাকবে গণভোটে ‘হ্যাঁ ভোট পাস হলে তারা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠভাবে সংস্কারগুলো বাস্তবায়ন করবে। বিচারকার্য দ্রুত সম্পন্ন করাসহ বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গুম, খুন, জুডিশিয়াল কিলিংয়ে জড়িত প্রশাসনের প্রতিটি কর্মচারী ও কর্মকর্তাসহ আয়নাঘরের কুশীলবদের শাস্তি নিশ্চিত করতে হবে। প্রত্যাশা থাকবে স্বাধীন ও সার্বভৌম পররাষ্ট্রনীতি গ্রহণ ও বর্ডার কিলিং বন্ধে যথাযথ পদক্ষেপ নেয়া।
নারী শিক্ষার্থী সৃজা আহমেদ বলেন, বিএনপির গায়ে পূর্বের দুর্নীতির যে ট্যাগ, অভ্যুত্থান পরবর্তী যে চাঁদাবাজির কথা উঠছে তারা সেটাকে শক্তভাবে এড্রেস করতে পারছে না। করলেও শক্তভাবে করছেন না।
দৌলতপুরের এক তরুন যুবক সৈয়দ মাইনুল ইসলাম বলেন, বিএনপি বিষোদ্গারের কোন রাজনীতি করেনা। তাই বিএনপি এখন কিছু প্রোপাগান্ডার বিষযে কোন শক্ত জবাব বা পদক্ষেপ নেয়নি। বিএনপি সব সময়ই সঠিক ভাবে রাজনীতি করতে চায়। তাই সমালোচনাকারীদের বিরুদ্ধে এখন দাতভাঙ্গা কোন জবাব বা পদক্ষেপ বেছে নেয়নি। যা সাধারন মানুষের কাছে এখন খুবই একটা প্রত্যাশিত বিষয় হয়ে দাঁড়িয়েছে।
জামায়াত নিয়ে চারজন নারী শিক্ষার্থী উদ্বেগ প্রকাশ করেন। তবে তারা নারী বিদ্বেষী মনোভাবের জন্য জামায়াতকে এখনই সংশোধন হওয়ার আহবান জানিয়েছেন। খালিশপুরের একজন কর্মজীবি নারী সানজিদা ইসলাম বলেন, আমরা চিন্তিত তারা (জামায়াত ) ক্ষমতায় এলে আমাদের অবস্থান কী হবে? আমরা প্রত্যেকেই আগামী পাঁচবছরে কর্মক্ষেত্রে যাবো। আমরা কী স্বাধীনভাবে বিচরণ করতে পারবো? কর্মজীবী নারীদের নিয়ে তারা যা বলছেন তা কনসার্ন। তাদের সুসংগঠিত দলে নারীদের ঘোষণা দিয়ে পিছিয়ে রাখা হচ্ছে। বিষয়টি আমাদের বেশ ভাবায়।
তবে খানজাহান আলী থানার যোগিপোল এলাকার আলেয়া ইসলাম বলেন, তেমন কিছুই হয়তো হবে না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু কলেজ ও বিশ্ববিদ্যালয়ের নারীরা জামায়াতের কয়েক নেতার নারী বিদ্বেষী কিছু কুরুচির্পুন বক্তব্যর কারনে এখন অনেকেই আশংকায় ভুগছেন।
জেনজিদের একটি ব্যক্তিগত ফেসবুক গ্রুপে নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। গ্রুপটিতে সদস্য সংখ্যা ১১২ জন। এরমধ্যে ১৮ জন রেসপন্স করেন। যাদের মধ্যে ৭ জন নারী। দীর্ঘ আলোচনা কয়েকটি বিষয় উঠে আসে। এনসিপি তাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাদের বিভিন্ন নেতাকর্মীদের দুর্নীতির সংবাদ তাদের মনোকষ্টের কারণ হয়েছে। বিএনপি-জামায়াতের নানা কর্মকাণ্ডেরও সমালোচনা করেছেন কেউ কেউ।